
নয়াদিল্লি, ২০ নভেম্বর (হি.স.): যুদ্ধ ও অশান্তির আবহে বিশ্বকে শান্তি, ঐক্য এবং পারস্পরিক সহযোগিতার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য, সাম্রাজ্য একসময় বিশ্বের মানচিত্র বদলেছে, কিন্তু সভ্যতার মধ্যে সংলাপ মানুষের চিন্তাধারা ও ভাবনার জগৎকে সমৃদ্ধ করেছে। সংস্কৃতিই বিভিন্ন দেশ ও সমাজের মানুষকে পরস্পরের সঙ্গে যুক্ত করে। এই ভাবনাকে সামনে রেখেই শুরু হয়েছে সাংহাই সহযোগিতা সংগঠন (এসসিও)-এর প্রথম ‘সভ্যতাগত সংলাপ’।
শুক্রবার নয়াদিল্লির পুরানা কিল্লায় এই আন্তর্জাতিক মঞ্চের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, অভিন্ন সংস্কৃতি ও সভ্যতার উত্তরাধিকার বিভিন্ন দেশ এবং সমাজের মধ্যে সংযোগের সেতু তৈরি করতে পারে। ভারতের মতো বিশ্বের অন্যান্য দেশেও বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ভিত্তি হয়ে উঠতে পারে এই সাংস্কৃতিক বন্ধন।
ভারতীয় দর্শনের ‘প্রাণীদের মধ্যে সদ্ভাবনা হোক, বিশ্বের কল্যাণ হোক’—এই বাণী উল্লেখ করে মোদী বলেন, সভ্যতার মধ্যে সংলাপের মূল উদ্দেশ্যও পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা এবং বিশ্বকল্যাণের ভাবনাকে শক্তিশালী করা। তাঁর মতে, এটি কেবল একটি আলোচনা নয়, বরং আন্তর্জাতিক ক্ষেত্রে নতুন সাংস্কৃতিক ঐতিহ্য গড়ে তোলার সূচনা।
২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত চলবে এই সংলাপ। সংশ্লিষ্ট অঞ্চলের সমৃদ্ধ ও পরস্পর-সংযুক্ত সভ্যতার ঐতিহ্য তুলে ধরা, বিভিন্ন দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করা এবং আন্তঃসাংস্কৃতিক আলোচনা ও সহযোগিতা বাড়ানোই এই আয়োজনের মূল লক্ষ্য।
বিশ্বের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, একদিকে যখন যুদ্ধ ও অশান্তির মধ্যে শান্তির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, অন্যদিকে এসসিও-র দেশগুলি সভ্যতার সংযোগ ও পারস্পরিক সংলাপের পথ খুঁজছে। এই মঞ্চ বিশ্বকে নতুন দিশা দেখাতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে একাধিক প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এসসিও-ভুক্ত দেশগুলি যৌথ প্রদর্শনী, গবেষক বিনিময় কর্মসূচি এবং সাংস্কৃতিক পর্যটনকে উৎসাহিত করতে পারে। পাশাপাশি বিভিন্ন দেশের অভিন্ন ঐতিহ্যকে সামনে রেখে সাংস্কৃতিক পথ ও হেরিটেজ সার্কিট গড়ে তোলার সুযোগ রয়েছে।
যুবসমাজকে একে অপরের ভাষা, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করার উপরেও জোর দেন মোদী। তাঁর বক্তব্য, সৃজনশীল বিভিন্ন মঞ্চের মাধ্যমে অভিন্ন ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। এই কাজে স্থানীয় শিল্পীদেরও যুক্ত করা প্রয়োজন।
একুশ শতকের প্রযুক্তি সাংস্কৃতিক আদানপ্রদানের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এসসিও-র দেশগুলিকে সেই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান তিনি। জাদুঘর, গ্রন্থাগার ও মহাফেজখানায় সংরক্ষিত মূল্যবান ঐতিহ্য ডিজিটাল প্রযুক্তির সাহায্যে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। প্রাচীন গ্রন্থের ডিজিটাইজেশন, অনুবাদ এবং যৌথ গবেষণার মাধ্যমে নতুন তথ্য ও জ্ঞানের সন্ধান মিলতে পারে। এতে এক দেশে বসেই অন্য দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে আরও ভালোভাবে জানার সুযোগ তৈরি হবে।
ভারতের প্রাচীন জ্ঞান-ঐতিহ্য এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে তার বিস্তারের প্রসঙ্গও তুলে ধরেন মোদী। তিনি বলেন, ভারতের শিক্ষা ও দর্শন যেমন প্রাচীন, তেমনই তার আবেদন সর্বজনীন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য