এআইয়ের তৈরি শিল্পকর্মের কপিরাইট নিয়ে দিল্লি হাই কোর্টে শুনানি, কপিরাইট রেজিস্ট্রারকে নোটিস
নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের তৈরি শিল্পকর্মের কপিরাইট স্বীকৃতি দেওয়া যায় কি না, তা নিয়ে আইনি বিতর্ক শুরু হয়েছে ভারতে। এই সংক্রান্ত একটি মামলায় বৃহস্পতিবার কপিরাইট রেজিস্ট্রারকে নোটিস জারি করে জবাব তলব করেছে দিল্লি হা
এআইয়ের তৈরি শিল্পকর্মের কপিরাইট নিয়ে দিল্লি হাই কোর্টে শুনানি, কপিরাইট রেজিস্ট্রারকে নোটিস


নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের তৈরি শিল্পকর্মের কপিরাইট স্বীকৃতি দেওয়া যায় কি না, তা নিয়ে আইনি বিতর্ক শুরু হয়েছে ভারতে। এই সংক্রান্ত একটি মামলায় বৃহস্পতিবার কপিরাইট রেজিস্ট্রারকে নোটিস জারি করে জবাব তলব করেছে দিল্লি হাই কোর্ট। মার্কিন কম্পিউটার বিজ্ঞানী স্টিফেন এল. থ্যালারের দায়ের করা আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের একক বেঞ্চ। আগামী ২০২৭ সালের মার্চে মামলাটির পরবর্তী শুনানি ধার্য হয়েছে।

বিতর্কের কেন্দ্রে রয়েছে ‘এ রিসেন্ট এন্ট্রান্স টু প্যারাডাইস’ নামে একটি শিল্পকর্ম। থ্যালারের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা ‘ডিভাইস ফর দ্য অটোনোমাস বুটস্ট্র্যাপিং অফ ইউনিফায়েড সেন্টিয়েন্স’ বা ‘ডাবুস’ (DABUS) এই শিল্পকর্মটি তৈরি করেছে। কপিরাইটের জন্য আবেদনে থ্যালার ডাবুসকে শিল্পকর্মটির ‘স্রষ্টা’ এবং নিজেকে তার কপিরাইটের ‘মালিক’ হিসেবে উল্লেখ করেছিলেন।

এর আগে গত আগস্টে কপিরাইট রেজিস্ট্রার থ্যালারের আবেদন খারিজ করে দেয়। রেজিস্ট্রারের যুক্তি ছিল, ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭-এর ২(ডি)(vi) ধারায় কোনও প্রাকৃতিক ব্যক্তি বা আইনগত সত্তাকেই ‘লেখক’ হিসেবে স্বীকৃতি দেওয়া সম্ভব। কোনও যন্ত্র বা এআই ব্যবস্থাকে লেখক হিসেবে গণ্য করার সুযোগ নেই।

আবেদন খারিজের সময় থ্যালারকে লেখকের পরিচয় সংক্রান্ত তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি। বরং কপিরাইট দফতরের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন। সেই আবেদনের শুনানিতেই এবার কপিরাইট রেজিস্ট্রারকে নোটিস দিয়ে জবাব চাইল আদালত। মামলার পরবর্তী শুনানি ২০২৭ সালের মার্চে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande