
নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): বিচার বিভাগের স্বাধীনতা ও দায়বদ্ধতার মধ্যে ভারসাম্যই বিচারব্যবস্থার ভূমিকার শক্তি বাড়ায়। একই সঙ্গে বিচারব্যবস্থার সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব কমাতে পারলে ন্যায়বিচারের প্রতি নাগরিকদের আস্থা আরও দৃঢ় হবে। বৃহস্পতিবার সংবিধান দিবস উপলক্ষে সুপ্রিম কোর্টে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিচারব্যবস্থার কর্মসংস্কৃতিতে ভারতীয়ত্বের ভাবনা আরও গভীরভাবে যুক্ত করার পাশাপাশি ঔপনিবেশিক মানসিকতা থেকে মুক্তির জাতীয় লক্ষ্য এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, ১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতের মানুষ সংবিধান গ্রহণ করেছিলেন। ২০১৫ সালে সংবিধান প্রণেতা ড. ভীমরাও আম্বেদকরের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটিকে প্রতি বছর সংবিধান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সংবিধানের রূপকার এবং তার মধ্যে নিহিত আদর্শগুলিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার দিন এটি।
তাঁর বক্তব্য, সংবিধানের মর্যাদা রক্ষার পাশাপাশি দেশের গণতান্ত্রিক ঐতিহ্যকে শক্তিশালী করতে আইনসভা, শাসনবিভাগ ও বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারত প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। তার দু’দিন পর, ২৮ জানুয়ারি সুপ্রিম কোর্টের যাত্রা শুরু হয়। প্রজাতন্ত্রের দীর্ঘ পথচলায় সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জেলা আদালত এবং নিম্ন আদালতগুলির অবদান অপরিসীম।
গত সাত-আট দশকে জীবনের নানা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। প্রযুক্তি ও সংবাদমাধ্যমের প্রভাবও ক্রমশ বেড়েছে। এই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নিজেদের ভূমিকার সমন্বয় ঘটিয়েও বিচারব্যবস্থা ন্যায়ের মৌলিক আদর্শগুলি ধরে রেখেছে বলে মন্তব্য করেন মুর্মু। তাঁর মতে, সময় সময় বিচার বিভাগ নিজেই বিচারিক দায়বদ্ধতার উপর গুরুত্ব দিয়ে সংবিধান প্রণেতাদের ভাবনাকে এগিয়ে নিয়ে গিয়েছে।
ভারতীয় ঐতিহ্য ও মূল্যবোধ দেশের প্রতিষ্ঠানগুলির কর্মসংস্কৃতির প্রতিটি স্তরে প্রতিফলিত হওয়া প্রয়োজন বলে মনে করেন রাষ্ট্রপতি। তাঁর কথায়, সাম্প্রতিক বছরগুলিতে নিজেদের ঐতিহ্য নিয়ে গর্ববোধ এবং ঔপনিবেশিক মানসিকতা থেকে মুক্ত হওয়ার প্রচেষ্টা গতি পেয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান, রাস্তা, দফতর ও স্থানের নামকরণেও ভারতীয় ঐতিহ্যের আদর্শ ফুটে উঠছে। শাস্তির পরিবর্তে ন্যায়বিচারকে গুরুত্ব দেওয়ার ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রণীত ভারতীয় ন্যায় সংহিতাকে দ্রুত বিচার নিশ্চিত করার ক্ষেত্রে আরও কার্যকর করে তোলার কথাও বলেন তিনি।
এ প্রসঙ্গে রাষ্ট্রপতি জানান, তাঁকে সম্বোধনের ক্ষেত্রে এখন আর ‘এক্সেলেন্সি’ শব্দটি ব্যবহার করা হয় না। রাষ্ট্রপতি ভবনের ‘দরবার হল’-এর নামও বদলে রাখা হয়েছে ‘গণতন্ত্র মণ্ডপ’। সাধারণ মানুষ সহজেই এই নাম গ্রহণ করেছেন, কারণ এর সঙ্গে গণতন্ত্র ও সাংবিধানিক প্রজাতন্ত্রের ভাবনা জড়িয়ে রয়েছে। বিচার বিভাগও ঔপনিবেশিক মানসিকতা থেকে মুক্তির লক্ষ্যে পদক্ষেপ করে সাংবিধানিক আদর্শকে আরও শক্তিশালী করতে পারে বলে মন্তব্য করেন তিনি।
ভারতীয় ভাষায় সংবিধানের অনুবাদ প্রকাশকে স্বাগত জানিয়ে মুর্মু বলেন, গত বছর ২৫ ডিসেম্বর অলচিকি লিপিতে সাঁওতালি ভাষায় সংবিধানের সংস্করণ প্রকাশের সুযোগ তাঁর হয়েছিল। বিভিন্ন ভারতীয় ভাষায় সংবিধান উপলব্ধ হওয়া তাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ওড়িশার রায়রংপুরে বিজ্ঞাপিত এলাকা পরিষদের কাউন্সিলর ও সহ-সভাপতির দায়িত্ব থেকে রাষ্ট্রপতি পদে পৌঁছনোর নিজের যাত্রার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সংবিধানে স্বীকৃত সুযোগের সমতার অধিকারই এই পথকে সম্ভব করেছে।
সময়মতো বিচার পাওয়া ন্যায়বিচারের অবিচ্ছেদ্য অংশ বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি। বিচারপ্রক্রিয়া সহজ করা, প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং বিশেষ আদালত গঠনের মতো নানা পদক্ষেপ করা হচ্ছে। তবে বিপুল সংখ্যক মামলা দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকা এখনও বিচারব্যবস্থার সামনে বড় চ্যালেঞ্জ। বিচার বিভাগের সব স্তরে চলা প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মুর্মুর বক্তব্য, প্রত্যেক নাগরিকের পক্ষে হাই কোর্ট বা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছনোর মতো আর্থিক ও অন্যান্য সুযোগ থাকে না। তাই বিনামূল্যে আইনি সহায়তার মাধ্যমে কোনও নাগরিককে যেন অর্থনৈতিক বা অন্য কোনও অসুবিধার কারণে ন্যায়বিচারের অধিকার থেকে বঞ্চিত হতে না হয়, তা নিশ্চিত করা সংবিধানের নির্দেশ। বিশেষত দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জন্য আইনি সহায়তার গুণমান এবং বিশ্বাসযোগ্যতার দিকেও নজর দেওয়া জরুরি। জেলা, রাজ্য ও জাতীয় স্তরের আইনি পরিষেবা কর্তৃপক্ষগুলিকে এ বিষয়ে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি জানান, কয়েকটি জেলায় বিপুল সংখ্যক ফৌজদারি মামলা দীর্ঘদিন ধরে বিচারাধীন রয়েছে। এই সমস্যা মোকাবিলায় কেন্দ্রীয় সরকার জাতীয় আইন বিশ্ববিদ্যালয়গুলির সহযোগিতা নেওয়ার উদ্যোগ করেছে। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, গবেষক এবং বিনামূল্যে আইনি পরিষেবার সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলিকে এই কাজে যুক্ত করা হচ্ছে। এর ফলে পড়ুয়াদের মধ্যে সামাজিক সংবেদনশীলতা বাড়বে এবং তাঁরা বাস্তব ক্ষেত্রে আইনি প্রক্রিয়া সম্পর্কে জানার সুযোগ পাবেন।
সংবিধানের মূল ভাবনা ন্যায়, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব—এই চার আদর্শের উপর প্রতিষ্ঠিত বলে উল্লেখ করেন মুর্মু। কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান এই আদর্শগুলি মেনে চললেই সংবিধানের প্রকৃত চেতনা অনুসরণ করা হয়। বিচার বিভাগ ও আইনজীবী মহলে মহিলাদের আরও সক্রিয় অংশগ্রহণ সমাজকে অধিকতর ন্যায়সঙ্গত, সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক করে তুলতে পারে বলেও মনে করেন তিনি।
মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের প্রসঙ্গ তুলে রাষ্ট্রপতি সংবিধান সভার সদস্য এবং রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধি হংসা মেহতার অবদানের কথা স্মরণ করেন। ঘোষণাপত্রের প্রথম অনুচ্ছেদের খসড়ায় প্রথমে লেখা হয়েছিল, ‘সকল পুরুষ স্বাধীন ও সমানভাবে জন্মগ্রহণ করে’। হংসা মেহতার উদ্যোগে তা বদলে ‘সকল মানুষ স্বাধীন ও সমানভাবে জন্মগ্রহণ করে’ করা হয়। মুর্মুর কথায়, এটি শুধু একটি শব্দের পরিবর্তন ছিল না, মানবাধিকার সম্পর্কে বিশ্বের দৃষ্টিভঙ্গিতেও তা গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিল। বিচারিক সিদ্ধান্তে মহিলাদের দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত হলে বৈচিত্র্য, ভারসাম্য ও অন্তর্ভুক্তির পরিসর বাড়বে। তাই বিচারক ও আইনজীবী—উভয় ক্ষেত্রেই মহিলাদের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন।
সুপ্রিম কোর্টের কয়েকটি উদ্যোগেরও প্রশংসা করেন রাষ্ট্রপতি। বিশেষত প্রতিবন্ধী ব্যক্তি, অ্যাসিড হামলার শিকার, ৮০ বছরের বেশি বয়সি প্রবীণ এবং দারিদ্রসীমার নীচে বসবাসকারী মানুষের মামলাগুলিকে অগ্রাধিকার দেওয়ার পদক্ষেপকে স্বাগত জানান তিনি। পাশাপাশি মামলা পরিচালনার উন্নতি, শুনানির জন্য মামলা তালিকাভুক্তির প্রক্রিয়ায় সংস্কার, ডিজিটাল ব্যবস্থার প্রসার এবং বিরোধের সৌহার্দ্যপূর্ণ নিষ্পত্তিতে উৎসাহ দেওয়ার উদ্যোগগুলিরও প্রশংসা করেন।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য