
নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.):ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাসকে ব্রিটেনে যেতে বাধা দেওয়ার ঘটনায় কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক ও আঞ্চলিক পাসপোর্ট আধিকারিকের কাছে জবাব চাইল দিল্লি হাই কোর্ট। পাসপোর্টে অনিয়ম এবং তাঁর বিরুদ্ধে জারি হওয়া লুকআউট সার্কুলার (এলওসি) সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার এই নির্দেশ দেয় বিচারপতি অমিত মহাজনের বেঞ্চ। আগামী ৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি হবে।
শুনানিতে কেন্দ্রের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা জানান, ২২-২৩ নভেম্বর মুম্বই পুলিশ সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করেছিল। তাঁর পাসপোর্টে পাওয়া অনিয়মের বিষয়টি ভারতীয় নাগরিকত্বের উপরও প্রভাব ফেলতে পারে বলে আদালতে জানান তিনি।
গত ২৩ নভেম্বর রাতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী বিমানে উঠতে বাধা দেওয়া হয় সৌরভ দাসকে। অভিবাসন আধিকারিকরা তাঁর পাসপোর্টের তথ্যে কিছু অসঙ্গতি খুঁজে পেয়েছিলেন। ব্রিটেনে একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। এর মধ্যে ছিল অক্সফোর্ড ইউনিয়নের আয়োজিত একটি প্যানেল আলোচনা। পাশাপাশি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অব ইকোনমিক্স এবং এডিনবরা বিশ্ববিদ্যালয়েও ‘ককরোচ মুভমেন্ট’ নিয়ে বক্তব্য রাখার আমন্ত্রণ পেয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।
পাসপোর্ট দফতর ২৩ নভেম্বর তাঁকে কারণ দর্শানোর নোটিস পাঠায়। পাসপোর্টের তথ্যগত অসঙ্গতি সম্পর্কে ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি কেন তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করা হবে না, তাও জানতে চাওয়া হয়। জবাব দেওয়ার জন্য তাঁকে সাত দিন সময় দেওয়া হয়েছিল। ব্যাখ্যা জমা না দেওয়া পর্যন্ত ওই পাসপোর্ট ব্যবহার করে আন্তর্জাতিক যাত্রা না করার পরামর্শও দেওয়া হয়।
সৌরভ দাসের অভিযোগ, নির্ধারিত বিমানের যাত্রার মাত্র পাঁচ ঘণ্টা আগে তিনি এই নোটিস হাতে পান। তাঁর দাবি, রাজনৈতিক সক্রিয়তার কারণেই তাঁকে ইচ্ছাকৃতভাবে বিদেশযাত্রা থেকে আটকানো হয়েছে। এর আগে একই পাসপোর্ট ব্যবহার করে একাধিকবার বিদেশ সফর করলেও কোনও সমস্যার মুখে পড়তে হয়নি বলেও জানিয়েছেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য