
ভোপাল, ২৬ নভেম্বর (হি.স.): ভোপাল গ্যাস দুর্ঘটনার ৪২ বছর পূর্তি উপলক্ষে আগামী ৩ ডিসেম্বর শহরে আয়োজিত হবে সর্বধর্ম প্রার্থনাসভা। ওই দুর্ঘটনায় মৃতদের স্মরণে শ্রদ্ধা জানানো হবে। বৃহস্পতিবার জনসংযোগ আধিকারিক অবন্তিকা জয়সওয়াল জানান, সকাল সাড়ে ১০টায় ভোপালের বরকতউল্লা ভবন সেন্ট্রাল লাইব্রেরিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা নিজ নিজ ধর্মগ্রন্থ থেকে পাঠ করবেন।
১৯৮৪ সালের ২-৩ ডিসেম্বরের ভয়াবহ সেই রাতের স্মৃতি চার দশকেরও বেশি সময় পেরিয়েও ভোপালের মানুষের মনে অমলিন। ইউনিয়ন কার্বাইডের কীটনাশক কারখানা থেকে বিষাক্ত মিথাইল আইসোসায়ানেট গ্যাস ছড়িয়ে পড়ায় রাতারাতি বিপর্যস্ত হয়ে পড়েছিল গোটা শহর। ঘুমন্ত মানুষের চোখে জ্বালা, শ্বাসকষ্ট ও কাশির উপসর্গ দেখা দেয়। প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন অসংখ্য মানুষ। কিন্তু বিষাক্ত গ্যাসের প্রভাব থেকে রেহাই মেলেনি খোলা রাস্তাতেও। কয়েক ঘণ্টার মধ্যেই হাসপাতালগুলিতে উপচে পড়ে রোগীর ভিড়।
ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ (আইসিএমআর)-এর প্রযুক্তিগত রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনার সময় কারখানার ৬১০ নম্বর ট্যাঙ্কে মজুত প্রায় ৪০ টন মিথাইল আইসোসায়ানেট গ্যাস বাইরে বেরিয়ে আসে। ট্যাঙ্কে জল প্রবেশের ফলে রাসায়নিক বিক্রিয়া শুরু হয়েছিল বলে মনে করা হয়। সেই বিক্রিয়ার জেরেই গ্যাস নির্গত হয়ে আশপাশের ঘনবসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে।
আইসিএমআরের হিসাব অনুযায়ী, দুর্ঘটনার পর প্রথম ৭২ ঘণ্টার মধ্যে প্রায় দু’হাজার মানুষের মৃত্যু হয়েছিল। সংস্থার মূল্যায়নে শহরের ৬০ শতাংশের বেশি মানুষ বিষাক্ত গ্যাসের সংস্পর্শে আসেন। মোট আক্রান্তের সংখ্যা ছিল প্রায় পাঁচ লক্ষ। গ্যাসের প্রভাবে চোখ, ফুসফুস ও শ্বাসযন্ত্রের নানা সমস্যা দেখা দেয়। পরবর্তী সময়ে আক্রান্তদের স্বাস্থ্যের দীর্ঘমেয়াদি প্রভাব এবং ভবিষ্যৎ প্রজন্মের উপর সম্ভাব্য প্রতিক্রিয়া বুঝতে গবেষণা শুরু করে আইসিএমআর।
দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং আইনি প্রক্রিয়া শুরু হয়। ১৯৮৫ সালে কেন্দ্রীয় সরকার ভোপাল গ্যাস লিক বিপর্যয় (দাবি প্রক্রিয়াকরণ) আইন চালু করে। এর মাধ্যমে ক্ষতিগ্রস্তদের দাবি নথিভুক্ত করা এবং নিষ্পত্তির ব্যবস্থা করা হয়। অন্যদিকে, বন্ধ হয়ে যাওয়া কারখানার পরিত্যক্ত জমি ও সেখানে জমে থাকা রাসায়নিক বর্জ্য নিয়ে বিতর্ক অব্যাহত থাকে। কারখানার আশপাশের মাটি ও ভূগর্ভস্থ জল দূষিত হওয়ার আশঙ্কা তুলে ধরে স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্তদের সংগঠনগুলি বারবার সাফাই এবং নিরাপদ পানীয় জলের দাবি জানিয়ে এসেছে।
দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য সরানোর প্রক্রিয়ায় ২০২৫ সালের জানুয়ারিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়। কারখানা চত্বর থেকে ৩৩৭ মেট্রিক টন বিষাক্ত বর্জ্য ১২টি সিল করা কন্টেনারে ভরে পিথমপুরের বর্জ্য নিষ্পত্তি কেন্দ্রে পাঠানো হয়। তবে বর্জ্য সরানোর পরও কারখানা চত্বর এবং সংলগ্ন এলাকার মাটি ও ভূগর্ভস্থ জলের দূষণ নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটেনি।
চার দশকের বেশি সময় পেরিয়ে গেলেও গ্যাস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বহু পরিবারের স্বাস্থ্যগত সমস্যা, ক্ষতিপূরণের দাবি এবং পরিবেশ দূষণের প্রশ্ন এখনও সামনে রয়েছে। তাই ভোপাল গ্যাস দুর্ঘটনার বার্ষিকী শুধু মৃতদের স্মরণ করার দিন নয়, দীর্ঘদিন ধরে চলতে থাকা ক্ষতিগ্রস্তদের সমস্যাগুলির দিকেও নতুন করে নজর ফেরানোর উপলক্ষ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য