বিরোধিতার জন্যই বিরোধিতা করছে কংগ্রেস, মহিলা সংরক্ষণ ও আসন বৃদ্ধির সুযোগ হাতছাড়া করতে চাইছে বিরোধীরা: অনুরাগ ঠাকুর
পটনা, ২৮ নভেম্বর (হি.স.):মহিলা সংরক্ষণ এবং লোকসভা ও বিধানসভায় আসনসংখ্যা বৃদ্ধির প্রস্তাবকে কেন্দ্র করে কংগ্রেস-সহ বিরোধী দলগুলিকে আক্রমণ করলেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। তাঁর অভিযোগ, বিরোধিতার জন্যই বিরোধিতা করাকে নিজেদের রাজনৈতিক ভূমিকা বানিয়ে ফেল
বিরোধিতার জন্যই বিরোধিতা করছে কংগ্রেস, মহিলা সংরক্ষণ ও আসন বৃদ্ধির সুযোগ হাতছাড়া করতে চাইছে বিরোধীরা: অনুরাগ ঠাকুর


পটনা, ২৮ নভেম্বর (হি.স.):মহিলা সংরক্ষণ এবং লোকসভা ও বিধানসভায় আসনসংখ্যা বৃদ্ধির প্রস্তাবকে কেন্দ্র করে কংগ্রেস-সহ বিরোধী দলগুলিকে আক্রমণ করলেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। তাঁর অভিযোগ, বিরোধিতার জন্যই বিরোধিতা করাকে নিজেদের রাজনৈতিক ভূমিকা বানিয়ে ফেলেছে কংগ্রেস ও বিরোধী শিবির। ‘নারীশক্তি বন্দন অধিনিয়ম’-এর মাধ্যমে দেশের অর্ধেক জনসংখ্যার জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের পাশাপাশি লোকসভা ও বিধানসভায় আসনসংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর যে সুযোগ এসেছে, বিরোধীরা তাতেও সমর্থন জানাতে চাইছে না।

শনিবার বিহারের পটনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অনুরাগ ঠাকুর বলেন, দেশের জনসংখ্যা তিন গুণ বেড়েছে। সেই তুলনায় লোকসভা ও বিধানসভায় আসনসংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর উদ্যোগ নিয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। তাঁর দাবি, কংগ্রেস ও বিরোধী দলগুলির সামনে এই ঐতিহাসিক উদ্যোগে পূর্ণ সমর্থন জানিয়ে ইতিহাসের অংশ হওয়ার সুযোগ ছিল। কিন্তু তারা সেই সুযোগ গ্রহণ করছে না।

কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করে বিজেপি সাংসদ বলেন, গত ১২ বছরে দেশ দেখেছে, মুসলিম মহিলাদের তিন তালাকের প্রথা থেকে মুক্ত করার উদ্যোগ নেওয়া হলে কংগ্রেস তার বিরোধিতা করেছে। জম্মু-কাশ্মীরকে ৩৭০ অনুচ্ছেদের বাধা থেকে মুক্ত করার সময়ও একই অবস্থান নিয়েছিল তারা। সাধারণ মানুষকে ন্যায়বিচার ও ক্ষমতায়ন দেওয়ার লক্ষ্যে সংবিধান সংশোধনের কোনও বিল আনা হলেই কংগ্রেস বিরোধিতা করে বলে অভিযোগ করেন তিনি। তাঁর কটাক্ষ, বিরোধিতা করাই যেন কংগ্রেসের পরিচয় হয়ে দাঁড়িয়েছে।

পরিবারকেন্দ্রিক রাজনৈতিক দলগুলিকেও নিশানা করেন অনুরাগ ঠাকুর। তাঁর বক্তব্য, কয়েকটি রাজনৈতিক দল পরিবারকে কেন্দ্র করেই পরিচালিত হয়। সেই পরিবারগুলির মহিলাদের নির্বাচনে লড়ার জন্য সংরক্ষণের প্রয়োজন নেই। তাঁরা যে কোনও কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়াতে পারেন। উত্তরপ্রদেশে জিততে না পারলে কেরলে গিয়ে মুসলিম লিগের সমর্থনে জয়ী হওয়ার সুযোগও তাঁদের রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

কিন্তু রাজ্যে রাজ্যে যেসব মহিলা নেত্রী দীর্ঘদিন ধরে মাঠে-ময়দানে কাজ করছেন, তাঁদের কি বিধানসভা বা লোকসভায় যাওয়ার অধিকার নেই—সেই প্রশ্নও তোলেন বিজেপি সাংসদ। তাঁর অভিযোগ, কংগ্রেস-সহ বিরোধী দলগুলি দেশের অর্ধেক জনসংখ্যার মহিলাদের রাজনৈতিক প্রতিনিধিত্বের সুযোগের বিরোধিতা করছে।

সমাজবাদী পার্টি, রাষ্ট্রীয় জনতা দল এবং কংগ্রেসের মতো পরিবারকেন্দ্রিক দলগুলি নিজেদের পরিবারের মহিলাদের ক্ষেত্রে কোনও সমস্যার মুখে পড়ে না বলেই অন্য মহিলাদের এগিয়ে আসার সুযোগ দিতে চাইছে না বলে অভিযোগ করেন অনুরাগ ঠাকুর। তাঁর দাবি, এই কারণেই তারা মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande