
নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.): কেন্দ্রের প্রস্তাবিত সীমানা পুনর্বিন্যাস বিলের প্রতি দলের সমর্থনের কথা জানাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন ডিএমকে সাংসদরা। শনিবার দলের পক্ষ থেকে সীমানা পুনর্বিন্যাস বিল এবং মহিলা সংরক্ষণ বিল—দুটিতেই সমর্থন জানানোর সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এরপরই ডিএমকে সাংসদরা অমিত শাহের বাসভবনে যান।
সাক্ষাতের পর ডিএমকে সাংসদ কানিমোঝি জানান, এদিন সকালে দলের সভাপতি এম কে স্ট্যালিন সাংসদদের নিয়ে বৈঠক করেন। সেখানেই সীমানা পুনর্বিন্যাস বিল নিয়ে দলের অবস্থান চূড়ান্ত হয়। পরে দলের সিদ্ধান্তের কথা জানিয়ে বিবৃতিও প্রকাশ করা হয়। সেই অবস্থান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারকে জানাতেই তাঁরা এসেছেন।
তামিলনাড়ুর সংসদীয় প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং মহিলা সংরক্ষণের প্রশ্নে কানিমোঝি বলেন, আসনসংখ্যা বাড়ানোর প্রস্তাবের ক্ষেত্রে ১৯৭১ সালের জনসংখ্যার ভিত্তি বজায় রাখার দাবি জানিয়েছিল ডিএমকে। কেন্দ্র সেই দাবি মেনে নিয়েছে। পাশাপাশি আগামী ২৫ বছর এই ভিত্তি অপরিবর্তিত রাখার বিষয়টিও গৃহীত হয়েছে। তাঁর দাবি, এর ফলে তামিলনাড়ুতে লোকসভার আসনসংখ্যা ৩৯ থেকে বেড়ে ৫৯ হবে। সীমানা পুনর্বিন্যাস বিল পাশ হওয়ার পর মহিলা সংরক্ষণ বিল কার্যকর করা হবে বলেও জানান তিনি।
কানিমোঝির বক্তব্য, ডিএমকে আগেও সংসদে এবং ২০২৪ সালে তামিলনাড়ুর ডিএমকে সরকার বিধানসভায় প্রস্তাব পাশ করিয়ে যে দাবিগুলি জানিয়েছিল, সেগুলিই বর্তমান বিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ করে আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে ১৯৭১ সালের জনসংখ্যার ভিত্তি এবং পরবর্তী ২৫ বছর তা অপরিবর্তিত রাখার দাবি মেনে নেওয়া হয়েছে। তাঁর কথায়, দলের উত্থাপিত দাবিগুলি বিলে স্থান পেয়েছে। তাই সীমানা পুনর্বিন্যাস বিলকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে দল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য