এআই দিয়ে তৈরি ভুয়ো ভিডিও দেখানোর অভিযোগ: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালনা থানায় স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের
কলকাতা, ২৮ নভেম্বর (হি.স.) : ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে পুলিশের বিরুদ্ধে ভুয়ো হলফনামা তৈরির অভিযোগ আনার ঠিক এক ঘণ্টার মধ্যেই পূর্ব বর্ধমানের কালনা থানার পুলিশ তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত (সুয়ো মোটো)
অভিষেক বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ২৮ নভেম্বর (হি.স.) :

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে পুলিশের বিরুদ্ধে ভুয়ো হলফনামা তৈরির অভিযোগ আনার ঠিক এক ঘণ্টার মধ্যেই পূর্ব বর্ধমানের কালনা থানার পুলিশ তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত (সুয়ো মোটো) এফআইআর দায়ের করল। পুলিশের দাবি, সাংবাদিক সম্মেলনে অভিষেক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সাহায্যে তৈরি ভুয়ো ভিডিও দেখিয়েছেন। অন্যদিকে, এফআইআর দায়ের হওয়ার খবর প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমে হাসির ‘ইমোজি’ পোস্ট করে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিষেক।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের নাম ও দলীয় প্রতীকের ওপর মালিকানা দাবি সংক্রান্ত বিষয়ে দিল্লির নির্বাচন সদনে চলা শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর প্রতিনিধিত্ব করতে শুক্রবার থেকেই দিল্লিতে রয়েছেন অভিষেক।

মমতা গোষ্ঠীর অভিযোগ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘গণতান্ত্রিক তৃণমূল’-এর তরফে নির্বাচন কমিশনে বিপুল সংখ্যক ভুয়ো হলফনামা জমা দেওয়া হয়েছে। এই একই অভিযোগে গত ২০ নভেম্বর মমতা গোষ্ঠীর নেতা শুভাশিস চক্রবর্তী কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন। শনিবার অভিষেক কয়েকটি ভিডিও প্রকাশ্যে এনে এই বিতর্ককে আরও উসকে দেন।

ভিডিও দেখিয়ে অভিষেক দাবি করেন যে, গত ১৬ অক্টোবর কালনা থানার ভেতরে বসে এই ভুয়ো হলফনামাগুলি তৈরি করা হয়েছিল। তাঁর বক্তব্য, ঋতব্রত গোষ্ঠী কমিশনে নথি জমা দিয়ে লক্ষ লক্ষ মানুষের সমর্থনের দাবি করলেও তার অধিকাংশই ভুয়ো।

অভিষেক অভিযোগ করেন, পশ্চিমবঙ্গ পুলিশকে ব্যবহার করে থানায় বসে ভুয়ো হলফনামায় স্বাক্ষর করানো হয়েছে। এই কাজ কোনো দলের কর্মী নয়, বরং পুলিশকর্মীরাই নিজেরা বসে করেছেন এবং সেই নথিই নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে।

অভিষেকের প্রকাশ করা ভিডিওতে কালনা থানার একটি বোর্ড দেখা যাচ্ছে এবং একটি ঘরে কয়েকজনকে কাগজপত্র সাজাতে দেখা যাচ্ছে। অভিষেকের দাবি, এগুলিই সেই হলফনামা, যা ঋতব্রত গোষ্ঠীর পক্ষে কমিশনে জমা দেওয়া হয়েছে। তাঁর মতে, ভিডিওতে দেখা নথিতে ঋতব্রত গোষ্ঠীর নেতা অরূপ রায়ের নাম এবং গত ২২ জুন নিউ টাউনের একটি হোটেলে তাঁদের কার্যনির্বাহী কমিটির বৈঠকের উল্লেখ রয়েছে। সাংবাদিক সম্মেলনের পরপরই ভিডিওটিকে এআই নির্মিত ও ভুয়ো বলে উল্লেখ করে কালনা থানায় অভিষেকের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ।

অন্যদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীও অভিষেকের ভিডিওকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে। গোষ্ঠীর নেতা আখরুজ্জামান বলেন, এই ভিডিওর মাধ্যমে রাজ্য প্রশাসন ও পুলিশকে অপমান করা হয়েছে।

মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এই বিষয়ে কড়া পদক্ষেপের আর্জি জানিয়ে তিনি পাল্টা তোপ দাগেন যে, অভিষেক ক্ষমতায় থাকাকালীন শান্তনু সিং বিশ্বাসের মতো ব্যক্তিদের দিয়ে এমন কাজ করাতেন এবং এই ভিডিওটি নিঃসন্দেহে মিথ্যা।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande