
আগরতলা, ২৮ নভেম্বর (হি.স.) : বর্ণাঢ্য আয়োজন, ক্রীড়া নৈপুণ্য এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পর্দা নামল ৭৫তম বিএন মল্লিক মেমোরিয়াল সর্বভারতীয় পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬-২৭-এর। শনিবার সন্ধ্যায় আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত জমকালো সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। গত ১৬ নভেম্বর থেকে শুরু হওয়া এই জাতীয় স্তরের ফুটবল প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের পুলিশ ও নিরাপত্তা বাহিনীর একাধিক দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার শেষ দিনে বিজয়ী ও রানার্স-আপ দলগুলির হাতে ট্রফি তুলে দিয়ে চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন রাজ্যপাল।
সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এই চ্যাম্পিয়নশিপকে ভারতের পুলিশ বাহিনীর গৌরবময় ঐতিহ্য এবং দেশের ঐক্য ও সংহতির চিরন্তন চেতনার প্রতি এক বিশেষ শ্রদ্ধার্ঘ্য বলে অভিহিত করেন। তাঁর কথায়, খেলাধুলা কেবল পদক কিংবা ট্রফি জয়ের মাধ্যম নয়। বরং খেলাধুলার মধ্য দিয়েই মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, সহনশীলতা, দলগত সংহতি এবং প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করার মানসিকতা গড়ে ওঠে। জয় কিংবা পরাজয়কে সমানভাবে গ্রহণ করার শিক্ষাও খেলাধুলা থেকেই পাওয়া যায়। বিশেষ করে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব এবং জাতীয় সংহতির বন্ধন দৃঢ় করতে এই ধরনের প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম।
ত্রিপুরার ক্রমবর্ধমান ক্রীড়া সাফল্যের প্রসঙ্গ তুলে ধরে রাজ্যপাল বলেন, ফুটবল রাজ্যের অন্যতম জনপ্রিয় খেলা। গ্রাম থেকে শহর, সর্বত্রই ফুটবল মানুষের আবেগ ও ভালোবাসার সঙ্গে জড়িয়ে রয়েছে। এই খেলা রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষকে একসূত্রে আবদ্ধ করে রাখে। আন্তর্জাতিক স্তরে জিমন্যাস্ট দীপা কর্মকার এবং জুডোকা অস্মিতা দে-র সাফল্যের কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি। রাজ্যপালের মতে, সাধারণ পরিবার থেকে উঠে এসেও প্রতিভা, কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং সঠিক সুযোগের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জন করা সম্ভব। তাঁদের সাফল্য রাজ্যের নতুন প্রজন্মের ক্রীড়াবিদদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
রাজ্যের ক্রীড়া পরিকাঠামোর সম্প্রসারণের বিষয়টিও বক্তব্যে তুলে ধরেন রাজ্যপাল। তিনি জানান, খেলো ইন্ডিয়া স্টেট সেন্টার অফ এক্সেলেন্স, ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং বাধারঘাটের দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে অবস্থিত স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কেন্দ্রের মাধ্যমে ক্রীড়াবিদদের প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ বাড়ানো হচ্ছে। পাশাপাশি রাজ্যজুড়ে ৪৫টি কোচিং সেন্টার এবং ১৩টি খেলো ইন্ডিয়া সেন্টার চালু রয়েছে। এর ফলে গ্রামীণ এলাকার প্রতিভাবান যুবক-যুবতীরাও পেশাদার ক্রীড়া প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন।
তিনি আরও জানান, রাজ্যের বিভিন্ন জেলায় সিন্থেটিক ফুটবল মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সেকেরকোটে একটি অত্যাধুনিক ক্রিকেট অ্যাকাডেমি স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজও প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। রাজ্যপাল বিদ্যালয় স্তর থেকেই শিশুদের মধ্যে ক্রীড়া প্রতিভা চিহ্নিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান, শারীরশিক্ষার শিক্ষক এবং অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার ওপরও জোর দেন রাজ্যপাল।
জাতীয় স্তরের এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা ত্রিপুরায় সফলভাবে আয়োজনের জন্য ত্রিপুরা পুলিশ ও আসাম রাইফেলসের পরিকল্পনা, সমন্বয় এবং নিষ্ঠাপূর্ণ প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন তিনি।
এদিকে, চ্যাম্পিয়নশিপের শেষ দিনে মহিলাদের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় আসাম রাইফেলস ও সশস্ত্র সীমা বল (এসএসবি)। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে এসএসবিকে ১-০ গোলে পরাজিত করে মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আসাম রাইফেলস। রাজ্যপাল নিজেও উপস্থিত থেকে অত্যন্ত আগ্রহের সঙ্গে ম্যাচটি উপভোগ করেন।
এরপর অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরুষ বিভাগে কেরালা পুলিশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, মহিলা বিভাগে সেরার শিরোপা ছিনিয়ে নেয় আসাম রাইফেলস। পুরুষ বিভাগে রানার্স-আপ হয় পশ্চিমবঙ্গ পুলিশ এবং তৃতীয় স্থান অর্জন করে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ)। মহিলা বিভাগে রানার্স-আপ হয় এসএসবি এবং তৃতীয় স্থান অধিকার করে ওড়িশা মহিলা পুলিশ দল। রাজ্যপাল বিজয়ী দলগুলির হাতে চ্যাম্পিয়নশিপ ট্রফি তুলে দেন। পাশাপাশি দুই বিভাগের সেরা ফুটবলারদেরও পুরস্কৃত করেন তিনি। আসাম রাইফেলসের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল বিকাশ লাখেরা রানার্স-আপ ও তৃতীয় স্থানাধিকারী দলগুলির হাতে ট্রফি তুলে দেন।
সমাপ্তি অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আসাম রাইফেলস ও ভারতীয় সেনাবাহিনীর মনোমুগ্ধকর সাংস্কৃতিক ও সামরিক ক্রীড়া প্রদর্শনী। ২৬ মাদ্রাজ রেজিমেন্টের পক্ষ থেকে ঐতিহ্যবাহী কলরিপায়াট্টু প্রদর্শন দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি নিরস্ত্র যুদ্ধকৌশলের প্রদর্শনী, মহিলা পাইপ ব্যান্ডের পরিবেশনা, মণিপুরি মার্শাল আর্ট এবং ডগ স্কোয়াডের চমকপ্রদ কসরত অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে। উপস্থিত দর্শকরা প্রতিটি প্রদর্শনী উপভোগ করেন।
অনুষ্ঠানের শেষে আসাম রাইফেলসের ডিআইজি তথা ২১ সেক্টর আসাম রাইফেলসের কমান্ডার নিশস্ত চন্দেল উপস্থিত অতিথি, অংশগ্রহণকারী দল, আয়োজক এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ক্রীড়ার প্রতিযোগিতামূলক আবহের পাশাপাশি শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব এবং জাতীয় সংহতির বার্তা ছড়িয়ে দিয়ে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় ৭৫তম বিএন মল্লিক মেমোরিয়াল সর্বভারতীয় পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬-২৭। এই প্রতিযোগিতা শুধু ফুটবলের মঞ্চ হিসেবেই নয়, দেশের বিভিন্ন পুলিশ ও নিরাপত্তা বাহিনীর মধ্যে ঐক্য ও সম্প্রীতির এক অনন্য মিলনক্ষেত্র হিসেবেও স্মরণীয় হয়ে রইল।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ