
হাফলং (অসম) ২৮ নভেম্বর (হি স): অসম বিধানসভার উপাধ্যক্ষ হাব্বে টেরনকে ঘিরে সাম্প্রতিক বিতর্কে এ বার সরব হলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রাক্তন মুখ্য কার্যবাহী সদস্য তথা প্রাক্তন বিধায়ক সমরজিৎ হাফলংবার। এই ঘটনায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার হস্তক্ষেপ দাবি করার পাশাপাশি নৈতিকতার খাতিরে উপাধ্যক্ষের পদ থেকে হাব্বে টেরনের স্বেচ্ছায় ইস্তফা দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।
এক প্রেস বিবৃতিতে সমরজিৎ হাফলংবারের দাবি, সাম্প্রতিক সংবাদ প্রতিবেদন অনুযায়ী, ডংকামোকামের কার্বি হেমতুনে অনুষ্ঠিত কার্যক্রম চলাকালীন সংশ্লিষ্ট মহিলার সঙ্গে সম্পর্ক থাকার কথা স্বীকার করেছেন হাব্বে টেরন। শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করানোর বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছেন বলেও প্রতিবেদনে প্রকাশ। পরীক্ষায় পিতৃত্ব প্রমাণিত হলে শিশুটির দায়িত্ব গ্রহণ করবেন বলে হাব্বে টেরন আশ্বাস দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
এই ঘটনাকে কেন্দ্র করে নৈতিক দায়িত্ব, রাজনৈতিক জবাবদিহি এবং সাংবিধানিক পদের মর্যাদা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন বিধায়ক। তাঁর বক্তব্য, সাংবিধানিক পদে আসীন ব্যক্তিদের কাছ থেকে উচ্চ নৈতিকতা, সততা ও দায়িত্বশীলতা প্রত্যাশিত। তাই বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নৈতিকতার খাতিরে হাব্বে টেরনের উপাধ্যক্ষের পদ থেকে স্বেচ্ছায় ইস্তফা দেওয়া উচিত কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
একই সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে এই বিষয়ে তাঁর অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন সমরজিৎ। তাঁর মতে, রাজনৈতিক পরিচয় বা দলীয় আনুগত্যের ঊর্ধ্বে উঠে অসম বিধানসভার মর্যাদা ও গরিমা রক্ষা করা জরুরি।
তবে আইনি প্রক্রিয়ার প্রতি সম্মান এবং সংশ্লিষ্ট মহিলা ও শিশুর ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা বজায় রাখার উপরেও গুরুত্ব দিয়েছেন তিনি। বিবৃতির শেষে সমরজিৎ হাফলংবারের বক্তব্য, আইনের ঊর্ধ্বে কেউ নন, একই ভাবে কোনও রাজনৈতিক বা সাংবিধানিক পদও নৈতিক জবাবদিহির ঊর্ধ্বে হতে পারে না।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব