

হাফলং (অসম), ২৮ নভেম্বর (হি স): ১৯৫০ সালে প্রতিষ্ঠিত মাহুরের পি এম শ্রী জে. বি. হাগজার স্মৃতি প্রাথমিক বিদ্যালয় পূর্ণ করল ৭৫ বছর। দীর্ঘ সাড়ে সাত দশক ধরে পাহাড়ি অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে অসংখ্য ছাত্রছাত্রীর ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা এই শিক্ষা প্রতিষ্ঠানের প্ল্যাটিনাম জয়ন্তী উদ্যাপন ঘিরে উৎসবের আবহ তৈরি হয়েছে মাহুরে। এই উপলক্ষে দু’দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সকালে পতাকা উত্তোলন, শোভাযাত্রা এবং স্মারকগ্রন্থ উন্মোচনের মধ্য দিয়ে শুরু হয় বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদ্যাপন।
প্রথম দিনের অনুষ্ঠানের সূচনা হয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। প্ল্যাটিনাম জয়ন্তী উদ্যাপন কমিটির সভাপতি বাবুল কেম্প্রাই অনুষ্ঠানের পতাকা উত্তোলন করেন। এরপর বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রী, প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং অন্যান্যদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মাহুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা শহরজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন পর বিদ্যালয়ের প্রাক্তন সহপাঠী ও শিক্ষক-শিক্ষিকাদের একসঙ্গে পেয়ে অনেকের মধ্যেই পুরনো দিনের স্মৃতি ফিরে আসে। বিদ্যালয়ের ৭৫ বছরের ইতিহাস ও ঐতিহ্যকে সামনে রেখে এই শোভাযাত্রা প্ল্যাটিনাম জয়ন্তী উদ্যাপনের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।
অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমা হাসাও স্বশাসিত পার্বত্য পরিষদের অধ্যক্ষ মোহিত হোজাই। বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থের আনুষ্ঠানিক উন্মোচন করেন তিনি। বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে দীর্ঘ শিক্ষাযাত্রা, অতীতের স্মৃতি, শিক্ষক-শিক্ষিকাদের অবদান এবং শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানের ভূমিকা আগামী প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যেই এই স্মারকগ্রন্থ প্রকাশ করা হয়েছে।
অনুষ্ঠানে মোহিত হোজাইয়ের সঙ্গে উপস্থিত ছিলেন পরিষদের কার্যনির্বাহী সদস্য গুলমিনলাল লিয়েনথাং এবং প্রবিতা জোহরি। বিদ্যালয়ের এই ঐতিহাসিক মুহূর্তে তাঁদের উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ তাৎপর্য যোগ করে।
১৯৫০ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় দীর্ঘ ৭৫ বছর ধরে মাহুর ও পার্শ্ববর্তী এলাকার শিশুদের প্রাথমিক শিক্ষার সুযোগ করে দিয়ে আসছে। বর্তমানে বিদ্যালয়ে ১৬৪ জন ছাত্রছাত্রী অধ্যয়নরত এবং আট জন শিক্ষক-শিক্ষিকা তাঁদের পাঠদান ও শিক্ষামূলক কার্যক্রমের দায়িত্ব সামলাচ্ছেন। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষার পরিকাঠামো ও পরিবেশে নানা পরিবর্তন এলেও এলাকার শিক্ষাবিস্তারে বিদ্যালয়টির ভূমিকা আজও গুরুত্বপূর্ণ।
প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে বিদ্যালয়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকা প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার দে জানিয়েছেন, এই বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে নেপাল, ত্রিপুরা এবং গুয়াহাটি-সহ বিভিন্ন স্থান থেকে বহু প্রাক্তন শিক্ষার্থী মাহুরে উপস্থিত হয়েছেন। কর্মসূত্রে কিংবা জীবনের প্রয়োজনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লেও শৈশবের স্মৃতিবিজড়িত বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিতে তাঁদের এই ফিরে আসা অনুষ্ঠানকে এক আবেগঘন মিলনমেলায় পরিণত করেছে।
একটি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ বছরের পথচলা শুধু প্রতিষ্ঠানের ইতিহাস নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে বহু প্রজন্মের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় সমাজের অবদান। মাহুর জে. বি. হাগজার স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী সেই দীর্ঘ পথচলা, স্মৃতি ও ঐতিহ্যকে নতুন করে স্মরণ করার সুযোগ এনে দিয়েছে।
বিদ্যালয়ের এই গৌরবময় যাত্রাকে স্মরণীয় করে রাখতে দু’দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং উদ্যাপন কমিটির সদস্যদের সম্মিলিত অংশগ্রহণে ৭৫ বছর পূর্তির এই আয়োজন মাহুরের শিক্ষা ও সামাজিক জীবনে বিশেষ তাৎপর্য বহন করছে। আগামী দিনেও বিদ্যালয়টি নতুন প্রজন্মের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে যাবে, এমনই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব