ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবার মান যাচাইয়ে কেন্দ্রীয় প্রতিনিধিদল, পরিকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে একাধিক সুপারিশ
আগরতলা, ২৮ নভেম্বর (হি.স.) : রাজ্যের স্বাস্থ্য পরিষেবার গুণগত মান, পরিকাঠামো, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা এবং বিভিন্ন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ১৪ সদস্যের প্রতিনিধিদল। পাঁচ দ
পর্যালোচনা বৈঠক


আগরতলা, ২৮ নভেম্বর (হি.স.) : রাজ্যের স্বাস্থ্য পরিষেবার গুণগত মান, পরিকাঠামো, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা এবং বিভিন্ন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ১৪ সদস্যের প্রতিনিধিদল। পাঁচ দিন ধরে রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শনের পর শনিবার আগরতলার সোনারতরী স্টেট গেস্ট হাউসে অনুষ্ঠিত হলো ১৮তম কমন রিভিউ মিশনের রাজ্যস্তরীয় সমাপনী তথা ডি-ব্রিফিং পর্যালোচনা সভা। সভায় রাজ্যের স্বাস্থ্য পরিষেবার সাফল্য, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর, জাতীয় স্বাস্থ্য মিশন, আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন এবং আয়ুষ মিশনের অধীনে পরিচালিত বিভিন্ন স্বাস্থ্য পরিষেবার সামগ্রিক পর্যালোচনা ও মূল্যায়নের উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে। কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হেলথ অথরিটির ডিরেক্টর ডাঃ পীযূষ সিংলা এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অ্যাডিশনাল কমিশনার ডাঃ ইন্দু গ্রেওয়াল।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বাস্তব চিত্র মূল্যায়নের লক্ষ্যে ত্রিপুরায় আসে। ডাঃ ইন্দু গ্রেওয়ালের নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্যরা ২২ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত উত্তর ত্রিপুরা ও গোমতী জেলার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শন করেন। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে উচ্চতর স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা, রোগী ব্যবস্থাপনা এবং বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়া সরেজমিনে খতিয়ে দেখেন তাঁরা।

পরিদর্শনকালে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির পরিকাঠামোগত সুযোগ-সুবিধা, পরিষেবার মান, স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, বিভিন্ন সরকারি স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি এবং সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলি পর্যালোচনা করা হয়। পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থার ইতিবাচক দিকগুলির পাশাপাশি যেসব ক্ষেত্রে আরও উন্নতির প্রয়োজন রয়েছে, সেগুলিও চিহ্নিত করেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী ও জনমুখী করে তুলতে প্রয়োজনীয় পরামর্শ এবং সুপারিশও তুলে ধরা হয়।

সভা শেষে স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে জানান, কেন্দ্রীয় প্রতিনিধিদল রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগের বিস্তারিত মূল্যায়ন করেছে। প্রতিনিধিদলের সদস্যরা তাঁদের পর্যবেক্ষণ, অভিজ্ঞতা, মূল্যায়ন ও মতামত রাজ্য সরকারের আধিকারিকদের সামনে তুলে ধরেছেন। তিনি বলেন, প্রতি বছর কমন রিভিউ মিশনের মাধ্যমে জাতীয় স্তরে নির্ধারিত মানদণ্ডের সঙ্গে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার তুলনামূলক মূল্যায়ন করা হয়। এর ফলে স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাগুলি চিহ্নিত করার পাশাপাশি ভবিষ্যতে পরিষেবার মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়।

এদিন রাজ্যের দুটি বিশেষ স্বাস্থ্য কর্মসূচির সাফল্যের কথাও তুলে ধরেন স্বাস্থ্য সচিব। তিনি জানান, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে পরিচালিত 'মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব, সুস্থ কৈশোর' কর্মসূচি গত চার বছর ধরে সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। অন্যদিকে, ৩০ বছর ও তার বেশি বয়সের নাগরিকদের মধ্যে জীবনযাপনজনিত বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি শনাক্তকরণ, প্রতিরোধ ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ২০২৫ সাল থেকে শুরু হয়েছে 'মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান'। এই দুটি কর্মসূচির মাধ্যমে রাজ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধমূলক পরিষেবা সম্প্রসারণের ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে, তা কেন্দ্রীয় প্রতিনিধিদলের সামনে বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে চিকিৎসক ও নার্সের সংখ্যা বৃদ্ধির বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। স্বাস্থ্য সচিব জানান, আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে চিকিৎসকের অনুমোদিত পদের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৬৩০টি করা হয়েছে। অর্থাৎ চিকিৎসকের অনুমোদিত পদে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটানো হয়েছে। একই সঙ্গে নার্সিং পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ৩৩২টি নিয়মিত পদ এবং ১০০টি চুক্তিভিত্তিক নতুন পদ অনুমোদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে আগামী দিনে হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবার পরিধি বৃদ্ধি এবং রোগীদের আরও উন্নত পরিষেবা প্রদানের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এদিকে, রাজ্যে উচ্চশিক্ষা ও স্বাস্থ্যশিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানান স্বাস্থ্য সচিব। তিনি বলেন, ত্রিপুরা স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় আইন ইতিমধ্যে পাশ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের প্রক্রিয়াও এগিয়েছে। রাজ্যের প্রায় ৪১টি স্বাস্থ্যশিক্ষা প্রতিষ্ঠানের তদারকি, সমন্বয় সাধন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রস্তাবিত স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চিকিৎসা ও স্বাস্থ্যশিক্ষার ক্ষেত্রে রাজ্যের নিজস্ব পরিকাঠামোকে আরও সুসংহত করার জন্য এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় আরও জোরদার করা, স্বাস্থ্য প্রকল্পগুলির কার্যকর বাস্তবায়ন এবং প্রত্যন্ত এলাকার মানুষের কাছে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা ডাঃ জি এস নায়ক, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার, রাজ্য স্বাস্থ্য অধিকারের অধিকর্তা ডাঃ দেবাশ্রী দেববর্মা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকারের অধিকর্তা ডাঃ অঞ্জন দাস-সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande