
রামপুরহাট (বীরভূম), ২৮ নভেম্বর (হি.স.) : বাড়ির ছাদে ভেজা কাপড় মেলতে গিয়ে ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে এসে মর্মান্তিক মৃত্যু হলো এক মহিলার। শনিবার সকালে বীরভূম জেলার রামপুরহাট শহরের হাসপাতাল পাড়া এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। মৃতার নাম মল্লিকা ঘোষ মণ্ডল। মেয়েকে বাঁচাতে ছুটে গিয়ে গুরুতরভাবে জখম হয়েছেন তাঁর মা মঞ্জুরানি ঘোষও। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মল্লিকা ঘোষ মণ্ডলের আদি বাড়ি বীরভূমের ভদ্রপুর গ্রামে। তবে তাঁদের একমাত্র কন্যা রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া হওয়ায় মেয়ের পড়াশোনার সুবিধার্থে তাঁরা রামপুরহাটের হাসপাতাল পাড়ায় বাড়ি নিয়ে বসবাস শুরু করেছিলেন। অন্যদিকে, গত সাত দিন ধরে মল্লিকার স্বামী অনিরুদ্ধ মণ্ডল অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার সূত্রে খবর, স্বামীর অসুস্থতার জেরে এমনিতেই গভীর দুশ্চিন্তার মধ্যে দিন কাটছিল পরিবারের। প্রতিদিনের মতো শনিবার সকাল পৌনে ৭টা নাগাদ মল্লিকা বাড়ির ছাদে ভেজা কাপড় মেলতে যান। বাড়ির একেবারে গা ঘেঁষেই গিয়েছে ১১ হাজার ভোল্টের হাইভোল্টেজ বিদ্যুতের লাইন। কোনোভাবে ভেজা কাপড় ওই তারের সংস্পর্শে চলে আসায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আর্তনাদ করে ওঠেন। মেয়ের চিৎকার শুনে ছাদে ছুটে আসেন মা মঞ্জুরানি ঘোষ। মেয়েকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর জখম হন।
চিৎকার শুনে পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা দ্রুত ছাদে উঠে তাঁদের উদ্ধার করেন এবং তড়িঘড়ি রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা মল্লিকা ঘোষ মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে হাসপাতালে মঞ্জুরানি ঘোষের চিকিৎসা চলছে।
ঘটনার খবর পেয়েই বিদ্যুৎ দফতর ও স্থানীয় থানায় জানানো হয়। মল্লিকার পরিবারের সদস্যরাও খবর পেয়ে রামপুরহাটের বাড়িতে পৌঁছান। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি, ঘন জনবসতিপূর্ণ এলাকায় বাড়ির এত কাছ দিয়ে কীভাবে ১১ হাজার ভোল্টের বিপজ্জনক তারের লাইন টানা হয়েছে, তা নিয়ে বিদ্যুৎ দফতরের ভূমিকা ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
হিন্দুস্থান সমাচার / সোনালি