বিদেশে উচ্চশিক্ষার আগে সরকারি নির্দেশিকা খতিয়ে দেখার পরামর্শ ভারতীয় পড়ুয়াদের
নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.) : বিদেশে উচ্চশিক্ষা, বিশেষ করে চিকিৎসাবিদ্যা পড়তে যাওয়ার আগে সরকারি নির্দেশিকা ও পরামর্শগুলি ভালোভাবে খতিয়ে দেখার আহ্বান জানাল বিদেশ মন্ত্রক। উজবেকিস্তানে চিকিৎসাশাস্ত্র পড়তে যাওয়া ভারতীয় পড়ুয়াদের যাতে কোনওভাবে শোষণ
বিদেশে উচ্চশিক্ষার আগে সরকারি নির্দেশিকা খতিয়ে দেখার পরামর্শ ভারতীয় পড়ুয়াদের


নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.) : বিদেশে উচ্চশিক্ষা, বিশেষ করে চিকিৎসাবিদ্যা পড়তে যাওয়ার আগে সরকারি নির্দেশিকা ও পরামর্শগুলি ভালোভাবে খতিয়ে দেখার আহ্বান জানাল বিদেশ মন্ত্রক। উজবেকিস্তানে চিকিৎসাশাস্ত্র পড়তে যাওয়া ভারতীয় পড়ুয়াদের যাতে কোনওভাবে শোষণ বা প্রতারণার শিকার হতে না হয়, তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে মন্ত্রক।

মঙ্গলবার নয়াদিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানে পড়াশোনা করতে যাওয়া ভারতীয় পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে সে দেশের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ভারত। তাসখন্দে অবস্থিত ভারতীয় দূতাবাসও পড়ুয়াদের স্বার্থে একাধিক পরামর্শ ও নির্দেশিকা জারি করেছে।

বিদেশে, বিশেষত উজবেকিস্তান-সহ বিভিন্ন দেশে চিকিৎসাশাস্ত্র পড়তে ইচ্ছুক পড়ুয়াদের জন্য জাতীয় মেডিক্যাল কমিশনের (এনএমসি) জারি করা নির্দেশিকাগুলির কথাও উল্লেখ করেন তিনি। বিদেশে উচ্চশিক্ষার সিদ্ধান্ত নেওয়ার আগে পড়ুয়াদের এই নির্দেশিকা ও পরামর্শগুলি মনোযোগ দিয়ে পড়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন জয়সওয়াল।

এদিকে, নেপালের সোলুখুম্বু জেলায় মঙ্গলবার হেলিকপ্টার সংঘর্ষের ঘটনায় এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস।

জয়সওয়াল জানান, মৃতের দেহ দ্রুত ভারতে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে কাজ করছে ভারতীয় দূতাবাস।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande