

হাইলাকান্দি (অসম), ১০ ফেব্রুয়ারি (হি.স.) : হাইলাকান্দি জেলায় শুরু হয়েছে আর্থিক সাক্ষরতা সপ্তাহ। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার হাইলাকান্দির ডিডিএম, নাবার্ড, বিএমস, এসিএবি এবং অসম গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাদের উপস্থিতিতে হাইলাকান্দি শহরে আর্থিক সাক্ষরতা ভ্যানের যাত্রা শুরু করা হয়।
নাবার্ড কার্যালয়ে এই ভ্যানের ফ্ল্যাগ অফ করা হয়। এর মাধ্যমে হাইলাকান্দি জেলায় রিজার্ভ ব্যাংক, নাবার্ড এবং ব্যাংকগুলির আর্থিক সাক্ষরতা সপ্তাহের কার্যক্রমগুলি তুলে ধরা হবে।
সপ্তাহব্যাপী প্রচারের অংশ হিসাবে প্রচার ভ্যানটি সামাজিক নিরাপত্তা প্রকল্প, সি-কেওয়াইসি, রি-কেওয়াইসি, জালিয়াতি প্রতিরোধ এবং অ্যাকাউন্ট হাইজিনের ওপর দৃষ্টি নিবদ্ধ করে সাধারণ জনগণের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জেলার বিভিন্ন গ্রামে ভ্রমণ করবে।
উল্লেখ্য, এ বছরের আর্থিক সাক্ষরতা সপ্তাহ পালনের থিম হলো কেওয়াইসি আপনার নিরাপদ ব্যাংকিংয়ের প্রথম ধাপ। এদিকে এই সপ্তাহের অংশ হিসাবে মঙ্গলবার চণ্ডীপুর দ্বিতীয় খণ্ডে আর্থিক সাক্ষরতা শিবিরের আয়োজন করা হয়।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস