
গুয়াহাটি, ১০ ফেব্ৰুয়ারি (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব আজ মঙ্গলবার আলিপুরদুয়ার ডিভিশনের ডাংতল-নিউ কোচবিহার সেকশনে ২৩ কিলোমিটার বিস্তৃত সুরক্ষা ব্যবস্থা পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় মুখ্য কার্যালয় এবং বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকগণ জেনারেল ম্যানেজারের সঙ্গে ছিলেন।
পরিদর্শনকালে জেনারেল ম্যানেজার রেলপথের অবস্থা, ছোট ও বড় ব্রিজ, সিগন্যালিং এবং টেলিকমিনিউক্যাশন ব্যবস্থা, ট্র্যাকশন ইনস্টলেশন, লেভেল ক্রসিং গেট এবং স্টেশন পরিকাঠামোর বিস্তারিত মূল্যায়ন করেন। নির্ধারিত সুরক্ষার মান কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করার জন্য সেফটি ক্রিটিক্যাল এসেট, কার্ভ, পয়েন্ট অ্যান্ড ক্রসিং এবং চলমান রক্ষণাবেক্ষণ কাজগুলি নিবিড়ভাবে পরীক্ষা করা হয়। তিনি রেলওয়ের কর্মকর্তা এবং ফ্রন্টলাইন স্টাফের সাথেও মতবিনিময় করেন, যাতে তাঁরা অপারেশনাল প্রস্তুতি, সুরক্ষা সচেতনতা এবং সতর্কতা মূল্যায়ন করতে পারেন এবং স্টেশন ও কর্মক্ষেত্রে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামের প্রাপ্যতা এবং অবস্থা পর্যালোচনা করতে পারেন।
পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে কোকরাঝাড়, ফকিরাগ্রাম, আলিপুরদুয়ার এবং নিউ কোচবিহারে বিস্তারিত স্টেশন পরিদর্শন করা হয়। অমৃত স্টেশন পদক্ষেপের অধীনে সম্পাদিত উন্নয়নমূলক কাজ, যাত্রী সুযোগ-সুবিধা, স্টেশন আধুনিকীকরণ এবং সামগ্রিক পরিষেবার মানের ওপর দৃষ্টি নিবদ্ধ করে পর্যালোচনা করা হয়েছে। জেনারেল ম্যানেজার ট্র্যাকশন সাবস্টেশন, ব্রিজ এবং নতুন শুরু হওয়া গ্যাংটুল কাম রেস্টরুম পরিদর্শনের পাশাপাশি ওয়েটিং রুম, হেল্থ ইউনিট, ক্রু লবি এবং রানিং রুম সহ নতুন উন্নত সুবিধাগুলি উদ্বোধন ও পর্যালোচনা করেন। পরিচালনগত পরিস্থিতিতে ট্র্যাক এবং রোলিং স্টকের কার্যকারিতা মূল্যায়নের জন্য কামাখ্যাগুড়ি এবং নিউ কোচবিহারের মধ্যে একটি স্পিড ট্রায়াল সম্পন্ন করা হয়।
পরিদর্শনে ডাংতল-নিউ কোচবিহার সেকশনের রিয়ার উইন্ডো ট্রেইলিং অন্তর্ভুক্ত ছিল, যেখানে জেনারেল ম্যানেজার ট্র্যাকের অবস্থা এবং পরিচালনগত কর্মক্ষমতা পর্যালোচনা করেছেন। এই পরিদর্শনটি পরিষেবার উৎকর্ষতার প্রতি উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। জেনারেল ম্যানেজার রেলওয়ে কর্মীদের প্রচেষ্টার প্রশংসা করেন এবং এই অঞ্চলে রেল পরিষেবা মজবুত করার জন্য অব্যাহত সহায়তার আশ্বাস দেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস