
গুয়াহাটি, ১১ ফেব্ৰুয়ারি (হি.স.) : বিজেপির অভিযোগের ভিত্তিতে বিশেষ সংশোধন (স্পেশাল রিভিশন, সংক্ষেপে এসআর) প্রক্রিয়ায় অসমের ভোটার তালিকা থেকে লক্ষাধিক ‘সন্দেহজনক ভোটার’-এর নাম বাদ দেওয়া হয়েছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
আজ বুধবার জনতা ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে নানা বিষয়ে বক্তব্য পেশ করছিলেন মুখ্যমন্ত্রী ড. শর্মা। তিনি বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নামগুলির বিরুদ্ধে বিজেপির কার্যকর্তারা ২.৪৩ লক্ষের বেশি আপত্তি দায়ের করেছিলেন। উত্থাপিত আপত্তির ফলেই বিপুল সংখ্যক সন্দেহভাজন ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে, বলেন তিনি। তাঁর কথায়, বিশেষ সংশোধনী প্রক্রিয়ার সময় বিজেপি কাৰ্যকৰ্তাদের অভিযোগের ভিত্তিতেই নামগুলি বাদ দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি নির্বাচন কমিশনের নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী বছরের জানুয়ারি থেকে ভোটার তালিকার ‘এসআইআর’ (বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্ৰক্ৰিয়া শুরু হবে। এর মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ ও যাচাইয়ের কাজ অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘হুমকি ও ভয়ভীতি সত্ত্বেও বিজেপির কাৰ্যকৰ্তারা সন্দেহজনক নামের বিরুদ্ধে আপত্তি জানানো অব্যাহত রেখেছিলেন।’
তিনি বলেন, ‘দাবি ও আপত্তি নিষ্পত্তির পর অসমে মোট ২.৪৯ কোটির বেশি ভোটার নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে, যা খসড়া তালিকার তুলনায় ০.৯৭ শতাংশ কম।’
অবৈধ অভিবাসন প্রসঙ্গে তাঁর সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে ড. শর্মা বলেন, ‘অবৈধ বাংলাদেশি মুসলিম অভিবাসীদের’ বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’
প্ৰসঙ্গত, আগামী দু-এক মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এর প্রস্তুতির মধ্যে গতকাল মঙ্গলবার অসমে চূড়ান্ত বিশেষ সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করেছে নিৰ্বাচন কমিশন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস