
নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.): কানাডার স্কুলে বন্দুকবাজের হামলার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, কানাডায় ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। গভীর শোকের এই মুহূর্তে ভারত কানাডার জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে।
কানাডার ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এই গুলিবর্ষণের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ। সঙ্গে সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলে তারা। যত দ্রুত সম্ভব স্কুলের মধ্যে থেকে পড়ুয়া এবং অন্যদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আততায়ী-সহ ১০ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ২৫ জন। সকলকে হাসপাতালে দ্রুত স্থানান্তরিত করা হয়েছে। তবে তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ