
শিলিগুড়ি, ১৭ ফেব্রুয়ারি (হি. স.): পশ্চিমবঙ্গে ‘বাবরি’ নামে মসজিদ নির্মাণের বিরোধিতায় আন্দোলনে নামল বঙ্গীয় হিন্দু মহাসমাজ। সোমবার শিলিগুড়িতে সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। বিক্ষোভকারীরা রাস্তায় হুমায়ুন কবীরের কুশপুত্তলিকা দাহ করেন এবং পথ অবরোধ করে নিজেদের ক্ষোভ উগরে দেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ‘বাবরি’ নাম ব্যবহার করে কোনও মসজিদের নির্মাণ বা নামকরণ বাংলা তথা এই রাজ্যে মেনে নেওয়া হবে না। তবে তাঁরা স্পষ্ট করে দিয়েছেন যে, অন্য কোনও নামে মসজিদ নির্মাণ করা হলে তাঁদের কোনও আপত্তি নেই।
বঙ্গীয় হিন্দু মহাসমাজের আহ্বায়ক ননী ধর বলেন, “বাংলায় কোনও অবস্থাতেই বাবরি মসজিদ হতে দেওয়া হবে না। এই নামের সঙ্গে জড়িত ইতিহাস অত্যন্ত সংবেদনশীল এবং বিতর্কিত। এর ফলে রাজ্যের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে।”
সংগঠনটি দাবি করেছে যে, তারা সম্পূর্ণ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পথে এই প্রতিবাদ জানাচ্ছে। তবে একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছে যে, প্রয়োজন পড়লে আগামী দিনে আরও ব্যাপক আন্দোলনের পথ বেছে নেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি