
কলকাতা, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): কলকাতার রাজ্য বিজেপি সদর দফতরে আয়োজিত একটি অনুষ্ঠানে মঙ্গলবার একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। এক পুস্তক প্রকাশ অনুষ্ঠানের মাঝেই এই যোগদান কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং শিলিগুড়ির বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক ডঃ শঙ্কর ঘোষ।
এই উপলক্ষে শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্য বিভিন্ন ক্ষেত্রের গুণীজনদের উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান।
বিজেপিতে যোগদানকারীদের মধ্যে অন্যতম হলেন দীপাঞ্জন চক্রবর্তী। তিনি আর.জি. কর কাণ্ড-সহ একাধিক গণআন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। জানা গিয়েছে, তিনি অতীতে ন্যাশনাল সিকিউরিটি গার্ড -এর সঙ্গে যুক্ত ছিলেন এবং ‘আন্ডারকভার এজেন্ট’ হিসেবেও কাজ করেছেন।
এছাড়াও বিজেপিতে শামিল হয়েছেন ‘কৌন বনেগা ক্রোড়পতি ২০২৫’-এর বিজয়ী বিপ্লব বিশ্বাস। তিনি কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের অবসরপ্রাপ্ত আধিকারিক (ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট পদমর্যাদার)। মাওবাদী ও সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
একইসঙ্গে পদ্মশিবিরে নাম লিখিয়েছেন বাম আমলের প্রাক্তন মন্ত্রী প্রয়াত ক্ষিতি গোস্বামীর কন্যা তথা আইনজীবী কস্তুরী গোস্বামী। দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সঙ্গে যুক্ত থাকা ডঃ অক্ষয় বিঞ্জরাজকাও এদিন আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন।
এদিন পশ্চিমবঙ্গের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর ভিত্তি করে ‘আঁধারে কত কথা’ শীর্ষক একটি বই প্রকাশ করা হয়। বিজেপি নেতৃত্বের দাবি, এই বইটিতে রাজ্যের আইনশৃঙ্খলা, দুর্নীতি, রাজনৈতিক হিংসা এবং প্রশাসনিক ব্যর্থতার বিভিন্ন তথ্য সংকলিত করা হয়েছে। জনগণের সামনে রাজ্যের প্রকৃত চিত্র তুলে ধরাই এই বইটির মূল উদ্দেশ্য।
বিজেপি নেতারা জানান, রাজ্যে সুশাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁরা অঙ্গীকারবদ্ধ। নতুন সদস্যদের অভিজ্ঞতা ও নিষ্ঠা পশ্চিমবঙ্গে ইতিবাচক রাজনৈতিক পরিবর্তন আনতে সাহায্য করবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি