
ভোপাল, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল-এ সোমবার রাতে একটি বিয়ের অনুষ্ঠানের সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভাউরি এলাকার একটি রিসর্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায় এবং আগুনের শিখা প্রায় ৫০ ফুট পর্যন্ত উঠে যায়।
সূত্রের খবর, সোমবার রাত আনুমানিক ১০টা নাগাদ হোটেল চত্বরে বিয়ের অনুষ্ঠান চলাকালীন আচমকা আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। আগুন দ্রুত পাশেই থাকা গ্যাস সিলিন্ডারে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই সিলিন্ডার বিস্ফোরণ হয়, ফলে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে অতিথিরা দ্রুত স্থান ত্যাগ করেন।
সৌভাগ্যবশত, যে জায়গায় বিস্ফোরণ ঘটে সেখানে ওই সময় কেউ উপস্থিত ছিলেন না। ঘটনায় কোনও হতাহতের খবর নেই, তবে আগুনে বহু মূল্যবান সামগ্রী ভস্মীভূত হয়েছে।
ঘটনার খবর পেয়ে একাধিক দমকল কেন্দ্র থেকে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে জেসিবি দিয়ে পোড়া সামগ্রী সরানো হয়। আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য