
নুহ, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : হরিয়ানার নুহ জেলা পুলিশ লাইনের সামনে মঙ্গলবার একটি স্কুলবাস দুর্ঘটনায় পড়লে চাঞ্চল্য ছড়ায়। সোহনা থেকে নুহমুখী সানরাইজ পাবলিক স্কুলের একটি বাস সামনে চলা ডাম্পারে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষে বাসের সামনের অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার সময় বাসে ২০ জনের বেশি ছাত্রছাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শীদের মতে, ডাম্পারটি হঠাৎ ব্রেক কষায় পিছন থেকে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তাতে ধাক্কা মারে। সংঘর্ষের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরই ডাম্পার চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়।
তবে , বড় কোনও প্রাণহানি হয়নি। এক ছাত্রের হাত সামান্য আঘাত হয়েছে এবং বাসচালকের দু’পায়ে আঘাত লেগেছে। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই বাসটির বিরুদ্ধে আগেই দু’টি চালান বকেয়া ছিল, যা নিয়ে স্কুল কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে।
ঘটনার পর অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। নুহ সদর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক ডাম্পার চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে। জেলা শিক্ষা আধিকারিক জানিয়েছেন, সংশ্লিষ্ট স্কুলের সমস্ত বাস ও নথিপত্র খতিয়ে দেখা হবে। কোনও ত্রুটি ধরা পড়লে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জেলার সব বেসরকারি স্কুলবাসের বিশেষ পরীক্ষা-নিরীক্ষার নির্দেশও দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য