
উলুবেড়িয়া, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): ভোরের আলো ফুটতে না ফুটতেই হাওড়ার বাগনানে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারে ধাক্কা মেরে উল্টে গেল একটি কন্টেনার। এই দুর্ঘটনাটি ঘটেছে ১৬ নং জাতীয় সড়ক সংলগ্ন বাগনান থানার আষাড়িয়া এলাকায়। দুর্ঘটনার জেরে কন্টেনারের চালক আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিন ভোর ৫টা ৪৫ মিনিট নাগাদ কোলাঘাট অভিমুখে যাওয়া একটি কন্টেনার আষাড়িয়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে কলকাতামুখী লেনে চলে আসে। এরপর কলকাতা অভিমুখে যাওয়া একটি ট্রেলারের সঙ্গে কন্টেনারের মুখোমুখি সংঘর্ষ হয়। কন্টেনারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। রাস্তার উপর উল্টেও যায় কন্টেনারটি। দুর্ঘটনার পর বাগনান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে কলকাতামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ