
শিলিগুড়ি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): বিধানসভা নির্বাচনের আগে ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ নাকা চেকিং চলাকালীন এক যুবককে একটি দেশি পিস্তলসহ গ্রেফতার করেছে। ধৃত যুবকের নাম মহম্মদ ফিরোজ।
সোমবার গভীর রাতে সার্কিট হাউস মোড় সংলগ্ন এলাকায় নাকা তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেই সময় একটি অটোতে যাত্রী হিসেবে যাচ্ছিলেন ওই যুবক। সন্দেহ হওয়ায় পুলিশ তাঁকে তল্লাশি করলে তাঁর কোমর থেকে একটি দেশি কট্টা (পিস্তল) এবং কার্তুজ উদ্ধার হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ওই যুবক চেকপোস্ট এলাকা থেকে জংশন সংলগ্ন এলাকায় আগ্নেয়াস্ত্রটি সরবরাহ করতে যাচ্ছিলেন। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে এবং এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি