
ডায়মন্ড হারবার, ৩ ফেব্রুয়ারি (হি. স.): দীর্ঘ ১২ বছরের লড়াই শেষে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারের তৎপরতায় অবশেষে নিয়োগপত্র পেলেন ২০১৪ সালের টেট উত্তীর্ণরা। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা জেলায় মোট ২৬৪ জন প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেন। অনুষ্ঠানে তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতা এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় মেধার ভিত্তিতে কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন হয়েছে।
অজিত নায়েক আরও বলেন, এর ফলে প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষার মান আরও উন্নত হবে। দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান ঘটিয়ে যোগ্য প্রার্থীদের নিয়োগ রাজ্যের শিক্ষা ব্যবস্থার পক্ষে ইতিবাচক পদক্ষেপ বলে তিনি মন্তব্য করেন।
দীর্ঘ ১২ বছর পর নিয়োগপত্র হাতে পেয়ে খুশি ও স্বস্তি প্রকাশ করেন প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। অনেকেই জানান, দীর্ঘ অপেক্ষা ও আন্দোলনের পর এই নিয়োগ তাঁদের কাছে এক ঐতিহাসিক মুহূর্ত।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা