
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৩ ফেব্রুয়ারি (হি.স.) : খোয়াই জেলাশাসক কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার চাকমাঘাট ব্যারাজ সংলগ্ন এলাকায় ডি.এম. জনতার দরবার অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষের দোরগোড়ায় জেলা প্রশাসনের বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই জনতার দরবারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে জেলাশাসক রজত পন্থ বলেন, জনতার দরবারের মাধ্যমে সাধারণ মানুষ সহজেই প্রশাসনিক পরিষেবা গ্রহণ করতে পারবেন। তিনি সকলকে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণের জন্য এগিয়ে আসার আহ্বান জানান।
এদিনের জনতার দরবারে খোয়াই জেলার অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী, অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্য, তেলিয়ামুড়া মহকুমার মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী, খোয়াই জেলা পঞ্চায়েত অফিসার উত্তম বৈষ্ণব সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
জনতার দরবারে খোয়াই জেলার মোট ৫৭৮ জন মানুষ তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে সমস্যাগুলি সমাধানের উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্য দফতরের উদ্যোগে ৪২ জনের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ত্রিপুরা রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে পিএম কুসুম প্রকল্পে ৫১ জনের আবেদন গ্রহণ করা হয়। তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয়ের উদ্যোগে ৪০টি আধার আপডেট সম্পন্ন করা হয়।
এছাড়া জনতার দরবারে এসসি সার্টিফিকেট প্রদান করা হয় ৭ জনকে এবং ৫০টি আবেদন গ্রহণ করা হয়। এসটি সার্টিফিকেট দেওয়া হয় ২৩ জনকে ও ১৫০টি আবেদন গ্রহণ করা হয়। ওবিসি সার্টিফিকেট দেওয়া হয় ২ জনকে এবং ২৮টি আবেদন গ্রহণ করা হয়। সেন্ট্রাল ওবিসি সার্টিফিকেট দেওয়া হয় ২ জনকে ও ১২টি আবেদন নেওয়া হয়। বিবাহ নিবন্ধনের জন্য ১৩টি আবেদনপত্র গ্রহণ করা হয়। পিআরটিসি সার্টিফিকেট দেওয়া হয় ৩৫ জনকে এবং ১৫৪টি আবেদন গ্রহণ করা হয়। আয়ের সার্টিফিকেট দেওয়া হয় ৮ জনকে।
রেশন কার্ড সংক্রান্ত পরিষেবার আওতায় নতুন নাম অন্তর্ভুক্তির জন্য ২৩টি আবেদন গ্রহণ করা হয় এবং ৪ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়। রেশন কার্ড পৃথকীকরণের জন্য ২টি এবং এপিএল থেকে বিপিএল কার্ডে অন্তর্ভুক্তির জন্য ১৫টি আবেদন গ্রহণ করা হয়। এছাড়া এসআরও সার্টিফিকেট দেওয়া হয় ৫ জনকে এবং ১১ জনের ভূমি রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়।
এদিন বিভিন্ন প্রকল্পে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের জন্য ১২ জন আবেদন করেন। অনুষ্ঠানে বিকশিত ভারত গ্রাম বিল, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি দফতর, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দফতর, স্বাস্থ্য দফতর সহ মোট ১৭টি দফতরের স্টল খোলা হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ