
কলকাতা, ৩ ফেব্রুয়ারি (হি. স.) : মঙ্গলবার রাতে আচমকাই জোরালো কম্পনে কেঁপে উঠল তিলোত্তমা। রাত ৯টা বেজে ৫ মিনিট নাগাদ কলকাতা ও তার পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় ১৫ সেকেন্ড ধরে স্থায়ী ছিল এই কম্পন। দীর্ঘ সময় ধরে মাটি দুলতে থাকায় শহরজুড়ে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহুতল ও আবাসন ছেড়ে তড়িঘড়ি রাস্তায় নেমে আসেন কয়েক হাজার মানুষ।
জার্মান রিসার্চ সেন্টার অফ জিওসায়েন্স-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল মায়ানমারের আকিয়াব শহর থেকে প্রায় ৭০ মাইল দূরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪ এবং ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে এই আলোড়ন সৃষ্টি হয়। মায়ানমারে এই শক্তিশালী ভূমিকম্পের জেরে পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের উত্তর-পূর্বাঞ্চল এবং বাংলাদেশের রাজধানী ঢাকা ও তার সংলগ্ন বিরাট এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে।
মঙ্গলবার রাতের এই ভূমিকম্পের পর জনমানসে তীব্র উৎকণ্ঠা দেখা যায়। বাড়ির বাইরে থাকা প্রিয়জনদের খবর নিতে ফোনের ব্যস্ততা বেড়ে যাওয়ায় অনেক জায়গায় যোগাযোগ এবং ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয়। উল্লেখ্য, মঙ্গলবার ভোরে বাংলাদেশে ৪.১ এবং সকালে তিব্বতে ৩.২ মাত্রার ভূমিকম্প হয়। যদিও সেগুলির প্রভাব কলকাতায় পড়েনি, কিন্তু রাতের এই জোরালো কম্পন বাসিন্দাদের মনে ভয় ধরিয়ে দিয়েছে। তবে বড়সড় কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার / সোনালি