
কলকাতা, ৩ ফেব্রুয়ারি (হি. স.) : সুদূর মুম্বইয়ে বাঙালি সংখ্যালঘু পরিযায়ী শ্রমিকদের ওপর পুলিশের নির্যাতনের অভিযোগ সামনে আসতেই ফের উত্তাল হলো মুর্শিদাবাদ। এরই মধ্যে জেলার বেলডাঙায় শুরু হওয়া শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলনের তদন্তে নেমেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এই বিষয়টিকে ঘিরে তীব্র প্রশ্ন উঠেছে বিভিন্ন মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার রক্ষা সংগঠনগুলোর মহলে।
জেলা প্রশাসনের তরফে জানা গিয়েছে যে, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর লাগাতার নির্যাতনের প্রতিবাদে বেলডাঙার মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামেন। আন্দোলনের প্রথম দিনেই সংশ্লিষ্ট জেলাশাসক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আশ্বাস দেন। কোথাও কোনও সংঘর্ষ, রক্তপাত বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। তা সত্ত্বেও সেই আন্দোলনকে ঘিরেই এনআইএ-র উপস্থিতি নিয়ে বর্তমানে বিতর্ক দানা বেঁধেছে।
এদিকে, গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির (এপিডিআর) মুর্শিদাবাদ জেলা সম্পাদক রাহুল চক্রবর্তীর প্রশ্ন, রাজ্যে বহু আন্দোলনে রেল অবরোধ হলেও সেখানে কখনও এনআইএ আসে না। তাহলে বেলডাঙার ক্ষেত্রেই কেন এই ব্যতিক্রম? তাঁর আরও অভিযোগ, আদালতের কোনও নির্দেশ বা স্পষ্ট অভিযোগ ছাড়াই কেন্দ্রীয় সংস্থা হস্তক্ষেপ করেছে।
অন্যদিকে, মানবাধিকার কর্মী টুম্পা ঝা ও পলাশ সরকারদের অভিমত, সাধারণ গণ-আন্দোলনকে ইউএপিএ ধারায় সন্ত্রাসবাদ হিসেবে দাগিয়ে দেওয়া গণতান্ত্রিক পরিসরকে সংকুচিত করার ইঙ্গিত। এই পদক্ষেপের ফলে বেলডাঙার মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ—উভয়ই বাড়ছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত