এসআইআর নিয়ে সওয়ালে হাজিরার অনুমতি পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি. স. ) : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় নিবিড় সংশোধন ঘিরে বিতর্ক তুঙ্গে। নিজে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়ে এবার তিনি আদালতকক্ষে থাকার অনুমত
মমতা বন্দ্যোপাধ্যায়


নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি. স. ) : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় নিবিড় সংশোধন ঘিরে বিতর্ক তুঙ্গে। নিজে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়ে এবার তিনি আদালতকক্ষে থাকার অনুমতিও পেয়েছেন।

জানা যাচ্ছে, বুধবার সুপ্রিম কোর্টে উপস্থিত থাকতে পারেন মমতা। সেখানে নিজে সওয়ালও করতে পারেন মমতা। ভিভিআইপি হিসেবে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান মমতা। কোনও ভিভিআইপি সুপ্রিম কোর্টে গেলে, তার জন্য আগে থেকে নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র নিতে হয়। ইতিমধ্যে সেই ছাড়পত্রও মিলে গিয়েছে বলে খবর। আদালতে মমতার সঙ্গে উপস্থিত থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

বুধবার, সুপ্রিম কোর্টে রাজ্যের দায়ের করা এসআইআর সংক্রান্ত মামলার শুনানি। সূত্রের খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালো কোট পরে সেই শুনানিতে সাওয়াল করতে পারেন। বুধবার, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে রাজ্যের এসআইআর মামলার শুনানি রয়েছে। ইতিমধ্যে দিল্লিতেই আছেন মুখ্যমন্ত্রী। ফলে সম্ভাবনা জোরালো হচ্ছে। মামলাটি দায়ের করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।

মমতার আইনি ডিগ্রি রয়েছে। কপিল সিব্বল ও অভিষেক মনু সিঙ্ঘভির সঙ্গে তিনি কোর্ট রুমে হাজির হতে পারেন। এর আগে এসআইআর ক্ষতিগ্রস্তদের মমতা বারে বারে বলেছেন, ‘আমি আপনাদের হয়ে লড়াই করব।’

রবিবার, দিল্লি পৌঁছনোর পর আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন তিনি। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী দেবাঞ্জন মণ্ডল ও তাঁর সঙ্গীরাও এখন দিল্লিতেই রয়েছেন। শুনানিতে তাঁর উপস্থিত কার্যত নিশ্চিত। যদিও অনেকের মতে, মুখ্যমন্ত্রীর পক্ষে অসাধ্য কিছু নেই। কালো কোট পরে আদালত পর্যন্ত যেতেই পারেন মমতা, তাতে জনমানসে অন্য অভিঘাত তৈরি হবে।

সম্প্রতি মমতা বলেছিলেন, “আজ না হলে কাল আমি দিল্লি যাবই। দরকার হলে কোর্টেও যাব। আইনজীবী হয়ে নয়, সাধারণ মানুষ হিসেবে। সব ডকুমেন্ট রেখে দিয়েছি। জ্যান্ত মানুষকে মৃত বানাচ্ছে কমিশন!” বাংলার কোনও যোগ্য ভোটারের নাম বাদ পড়লে তিনি যে চুপ করে থাকবেন না, তাও স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande