
মুম্বই, ৪ ফেব্রুয়ারি (হি.স.): এস.এস. রাজামৌলির পরিচালনায় নির্মিত হতে চলা বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘বারাণসী’ নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। এই মেগা প্রজেক্টে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া, মহেশ বাবু এবং পৃথ্বীরাজ সুকুমারন। ছবিটি আগামী ৭ এপ্রিল ২০২৭ বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ছবিতে প্রিয়াঙ্কা চোপড়াকে ‘মন্দাকিনী’ চরিত্রে দেখা যাবে। তবে এই ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার আগে তিনি নির্মাতাদের কাছে একটি বিশেষ শর্ত রাখেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, প্রায় ছয় বছর ধরে তিনি ভারতীয় ছবির কাজ থেকে দূরে ছিলেন। রাজামৌলি যখন তাঁকে ছবির প্রস্তাব দেন এবং চরিত্রের কথা জানান, তখনই তিনি রাজি হয়ে যান। তবে পাশাপাশি তিনি ছবিতে একটি নৃত্যভিত্তিক গান রাখার অনুরোধ জানান, কারণ দীর্ঘদিন তিনি পর্দায় নাচ করেননি।
নির্মাতারা প্রিয়াঙ্কার এই অনুরোধ মেনে নেন এবং ছবিতে একটি বিশেষ ডান্স সংযোজন করা হয়। সাক্ষাৎকারে উপস্থিত মহেশ বাবুও এই গান নিয়ে কথা বলেন। তিনি গানটিকে অত্যন্ত আকর্ষণীয় বলে উল্লেখ করেন এবং জানান, ওই গানের শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। মজার ছলে মহেশ বলেন, গানটি এখন তাঁর মুখে মুখে ঘুরছে এবং প্রিয়াঙ্কাকেও প্রায়ই তা গুনগুন করতে শোনা যায়।
ছবিতে মহেশ বাবু ‘রুদ্র’ চরিত্রে অভিনয় করছেন, অন্যদিকে পৃথ্বীরাজ সুকুমারনকে খলনায়কের ভূমিকায় দেখা যাবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য