গর্ভধারণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নীনা গুপ্তা
মুম্বই, ১৩ মার্চ (হি.স.) : ৬৬ বছর বয়সে গর্ভবতী—এমন গুজব ছড়িয়ে পড়তেই মুখ খুললেন বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা। সম্প্রতি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মন্দানার বিবাহ পরবর্তী অনুষ্ঠানে স্বামী বিবেক মেহরার সঙ্গে হাজির হয়েছিলেন তিনি। ওই অনুষ্ঠানে সিল্কে
গর্ভধারণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নীনা গুপ্তা


মুম্বই, ১৩ মার্চ (হি.স.) : ৬৬ বছর বয়সে গর্ভবতী—এমন গুজব ছড়িয়ে পড়তেই মুখ খুললেন বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা। সম্প্রতি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মন্দানার বিবাহ পরবর্তী অনুষ্ঠানে স্বামী বিবেক মেহরার সঙ্গে হাজির হয়েছিলেন তিনি। ওই অনুষ্ঠানে সিল্কের শাড়ি ও হল্টার নেক ব্লাউজ পরা অবস্থায় তোলা কিছু ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়। ছবিতে পেটে হাত রেখে দাঁড়ানো নীনার ভঙ্গি দেখে অনেকেই তাঁর ‘বেবি বাম্প’ নিয়ে জল্পনা শুরু করেন।

এই গুজব ছড়াতেই অভিনেত্রীর কাছে প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি হাস্যরসের সঙ্গেই জবাব দেন। মজা করে বলেন, “বাস্তব জীবনে একটা ‘বধাই হো’ হলে তো ভালই হত!” উল্লেখ্য, ২০১৮ সালের জনপ্রিয় ছবি ‘বধাই হো’-তে তিনি এমন এক মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি অনেক বয়সে গর্ভবতী হন।

তবে এরপরই নীনা স্পষ্ট করে জানান, তিনি মোটেও গর্ভবতী নন। তাঁর কথায়, অনুষ্ঠানে তিনি যে শাড়িটি পরেছিলেন তার কাপড় বেশ মোটা ছিল, সেই কারণেই ছবিতে তাঁকে কিছুটা ভারী বা পেটের দিকে ফোলা মনে হয়েছে। এই ধরনের গুজবে তিনি বিরক্ত নন বলেও জানান অভিনেত্রী। বরং হাসতে হাসতেই বলেন, “আমার বয়সে দাঁড়িয়ে এমন আলোচনা হচ্ছে দেখে ভালই লাগছে। এতে বোঝা যায় সমাজ বদলাচ্ছে।”

উল্লেখ্য, ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার আলোচনায় এসেছেন নীনা গুপ্তা। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল এবং তাঁদের মেয়ে জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তা। পরে ২০০৮ সালে তিনি দিল্লির ব্যবসায়ী বিবেক মেহরাকে বিয়ে করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande