
পাথারকান্দি (অসম), ৪ ফেব্ৰুয়ারি (হি.স.) : বর্ষার মরশুমে বন্যার করাল গ্রাস থেকে শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দিকে বাঁচানোর লক্ষ্যে শহরে তাপাদার পাড়ায় প্ৰায় দশ কোটি টাকা ব্যয়সাপেক্ষে প্ৰস্তাবিত বৃহৎ নদীবাঁধ প্রকল্পের শুভারম্ভ করলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।
আজ বুধবার পাথারকান্দি শহরের ভিতরবাজার সংলগ্ন লঙ্গাই নদীর তীরে সার্কল অফিসার অদিতি নুনিসা, জল সম্পদ বিভাগের পদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে বাঁধের নির্মাণকাজের শিলান্যাস করেছেন স্থানীয় বিধায়ক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।
শিলান্যাসের পর আয়োজিত নাগরিক সভায় মন্ত্রী পাল বলেন, দীর্ঘদিন থেকে বর্ষার মরশুমে লঙ্গাই নদীর জলস্ফিতি দেখা দিলে বাঁধ ভেঙে গোটা এলাকা প্লাবিত করত। ফলে এনিয়ে একটা আতঙ্ক বিরাজ করত স্থানীয়দের মধ্যে। বিষয়টি নিয়ে এলাকার জনগণের পাশাপাশি তিনিও দুশ্চিন্তায় ছিলেন। বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীর নজরে নিয়ে তাঁর হস্তক্ষেপ কামনা করেন। বন্যা প্রতিরোধে নতুন প্রটেকশন ওয়াল নির্মাণের জন্য দশ কোটি টাকা মঞ্জুর করা হয়। দু-একদিনের মধ্যে এর কাজ শুরু হয়ে যাবে, জানান মন্ত্রী কৃষ্ণেন্দু।
এ ব্যাপারে তিনি স্থানীয়দের সবধরনের সহযোগিতা কামনা করেছেন। মন্ত্রী বলেন, এই বাঁধ সংলগ্ন স্থানে যে বা যাঁরা অবৈধভাবে বসবাস করে আসছেন তাঁরা যেন স্বেচ্ছায় সেখান থেকে চলে যান। অন্যথায় বিভাগীয় তরফ থেকে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রী বলেন, বিগত দিনে কংগ্রেস সরকার এ সব সমস্যাকর স্থায়ী সমাধান না করায় আজ বিজেপিকে বাড়তি কাজ করতে হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস