খোয়াইয়ে তিনদিনব্যাপী জেলাভিত্তিক সরস মেলা শুরু, জোর মহিলা স্বশক্তিকরণে
খোয়াই (ত্রিপুরা), ৪ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন ও গ্রামোন্নয়ন দফতরের উদ্যোগে খোয়াই সুভাষ পার্ক সংলগ্ন চৈত্র মেলা গ্রাউন্ডে বুধবার থেকে তিনদিনব্যাপী তৃতীয় খোয়াই জেলাভিত্তিক সরস মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন বন, সাধারণ প্
ত্রিপুরা সরকারের নির্দেশ


খোয়াই (ত্রিপুরা), ৪ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন ও গ্রামোন্নয়ন দফতরের উদ্যোগে খোয়াই সুভাষ পার্ক সংলগ্ন চৈত্র মেলা গ্রাউন্ডে বুধবার থেকে তিনদিনব্যাপী তৃতীয় খোয়াই জেলাভিত্তিক সরস মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন বন, সাধারণ প্রশাসন, বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের মন্ত্রী অনিমেষ দেববর্মা।

অনুষ্ঠানে বনমন্ত্রী বলেন, রাজ্য সরকার নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়নে বদ্ধপরিকর। সরস মেলার মূল লক্ষ্য নারী স্বশক্তিকরণ। স্ব-সহায়ক দলের মাধ্যমে বহু গৃহিনী আজ আত্মনির্ভর হয়ে ‘লাখপতি দিদি’-তে পরিণত হয়েছেন, যা প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করে তুলছে। তিনি জানান, রাজ্যে বর্তমানে ৫৪ হাজারেরও বেশি স্ব-সহায়ক দল সক্রিয় রয়েছে এবং এ ধরনের মেলা আয়োজন ও জনসাধারণের অংশগ্রহণ আরও বাড়ানোর উপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পদ্মবিল বিএসি’র চেয়ারম্যান প্রশান্ত দেববর্মা, খোয়াই জেলার অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্য। সভাপতিত্ব করেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীস নাথ শর্মা। এছাড়া উপস্থিত ছিলেন জিলা পরিষদের সদস্য অনুকূল দাশ, মহকুমা শাসক নির্মল কুমার ঝা, সমাজসেবী বিনয় দেববর্মা প্রমুখ।

মেলায় তুলাশিখর আরডি ব্লকের এলিনা দেববর্মা ও খোয়াই আরডি ব্লকের সোনালী সিংহ গুপ্তা তাঁদের আত্মনির্ভরতার সাফল্যের কাহিনী তুলে ধরেন। মেলায় বিভিন্ন দফতর ও স্ব-সহায়ক দলের মোট ৫০টি প্রদর্শনী স্টল রয়েছে। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande