
আগরতলা, ১০ মার্চ (হি.স.) : মহিলাদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করছে ত্রিপুরা সরকার। মঙ্গলবার প্রজ্ঞা ভবনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
রাজ্য সরকারের ক্ষুদ্র সঞ্চয় দফতর, গ্রুপ ইন্সুরেন্স এবং ইনস্টিটিউশনাল ফিন্যান্সের সঙ্গে সোসাইটি অফ সোশ্যাল অডিট ইউনিটের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
অর্থমন্ত্রী বলেন, মহিলাদের সুরক্ষা ও সম্মানের বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন। একইভাবে রাজ্য সরকারও এই ক্ষেত্রটিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, বিভিন্ন সঞ্চয় প্রকল্পের মাধ্যমে রাজ্যে প্রতিবছর ৫০০ কোটি টাকারও বেশি সঞ্চয় হচ্ছে এবং এই ক্ষেত্রে মহিলাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, ক্ষুদ্র সঞ্চয়ের সঙ্গে যুক্ত হয়ে বহু মহিলা স্বাবলম্বী হয়ে উঠেছেন। কাজের ভিত্তিতে কমিশন পেয়ে তাঁরা আর্থিকভাবে সমৃদ্ধি অর্জন করছেন। তাদের উৎসাহিত করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মহিলা পরিচালিত স্বসহায়ক দল, ‘লাখপতি দিদি’সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুফল মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যেও এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে ক্ষুদ্র সঞ্চয় কার্যক্রমে সফল মহিলা এজেন্টদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধনাপ্রাপ্ত মহিলা এজেন্টরা জানান, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে ক্ষুদ্র সঞ্চয় কার্যক্রমের সঙ্গে যুক্ত মহিলাদের আরও বেশি উৎসাহিত করবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ