
হাওড়া, ১০ মার্চ (হি. স.) : হাওড়ার আমতা–রানিহাটি রুটে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মঙ্গলবার সকাল প্রায় দশটা নাগাদ আমতার লাল পোল এলাকার কাছে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বাসটিতে ভাঙচুর চালায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে আমতা থেকে এয়ারপোর্টগামী একটি বাস দ্রুতগতিতে যাওয়ার সময় একটি বাইককে সাইড চাপা দেয়। সেই সময় বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাকায় পড়ে যান। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।মৃত যুবকের নাম কিংশুক ভুঁইঞা (২২)। তাঁর বাড়ি আমতার বানীবন এলাকায় বলে জানা গিয়েছে। চোখের সামনে দুর্ঘটনাটি ঘটতে দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এরপর বাসটিকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং ভাঙচুর চালানো হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এলাকায় মোতায়েন হয় এবং উত্তেজিত জনতাকে শান্ত করে। ঘটনার জেরে কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচল ব্যাহত হয়।পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়