
স্বরূপনগর, ১০ মার্চ (হি. স.):- দুই মাস আগে বিহার থেকে নিখোঁজ হয়ে যাওয়া এক মানসিক ভারসাম্যহীন যুবককে উদ্ধার করে অবশেষে তাঁর মায়ের হাতে তুলে দিল উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার পুলিশ। ঘটনায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ওই যুবকের পরিবার।মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের নালন্দা জেলার শারমেরা থানার মানাচাক গ্রামের বাসিন্দা রামমূর্তি জমাদার (৪১) প্রায় দু’মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। এরপর পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু হয়।কিছুদিন আগে খবর পাওয়া যায় যে ওই ব্যক্তি উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার ভারত–বাংলাদেশ সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছেন। খবর পেয়ে স্বরূপনগর থানার পুলিশ আধিকারিক প্রতাপ মোদকের নেতৃত্বে একটি দল সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।পরে তাঁকে খাওয়া-দাওয়া করিয়ে নতুন পোশাক দেওয়া হয় এবং তাঁর পরিচয় জানার চেষ্টা শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি ও নাম প্রকাশ করা হলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এরপর বিহারের শারমেরা থানার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় নথি পাঠানো হয়।মঙ্গলবার রামমূর্তির মা ধনোমন্তী দেবী ও ভাই ধীরাজ কুমার স্বরূপনগর থানায় এসে সব নথি যাচাইয়ের পর তাঁকে গ্রহণ করেন। হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়ে আবেগাপ্লুত মা ও পরিবার জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়