
হাওড়া, ১০ মার্চ (হি. স.): মাসে ৩০ দিনের কাজ এবং ৬০ বছর বয়স পর্যন্ত কর্মসংস্থানের দাবিতে নবান্ন অভিযানের ডাক রাজ্যের সিভিল ডিফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মীদের। মঙ্গলবার বেলায় নবান্নের উদ্দেশে রওনা দেওয়ার আগে হাওড়া স্টেশন সংলগ্ন মেট্রো স্টেশনের সামনে বিপুল সংখ্যক কর্মীরা জমায়েত হন।কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা অনিয়মিত কাজ এবং অনিশ্চিত কর্মসংস্থানের মধ্যে রয়েছেন। তাই মাসে নির্দিষ্ট ৩০ দিনের কাজ নিশ্চিত করা এবং ৬০ বছর বয়স পর্যন্ত স্থায়ীভাবে কর্মসংস্থানের দাবি তুলে এই নবান্ন অভিযানের কর্মসূচি নেওয়া হয়।এদিকে অভিযানের আগেই হাওড়া স্টেশন ও মেট্রো স্টেশন চত্বর জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়। পরিস্থিতি সামাল দিতে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাফ মোতায়েন করা হয়। হাওড়া সিটি পুলিশের একাধিক পদস্থ আধিকারিককেও ঘটনাস্থলে উপস্থিত থাকতে দেখা যায়।পুলিশ সূত্রে জানা গেছে, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য গোটা এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। অন্যদিকে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবেই তাঁদের দাবির সমর্থনে নবান্নের দিকে পদযাত্রা করবেন বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়