বালুরঘাটে ৭৫ বছর পূর্তি উপলক্ষে নেতাজি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির
বালুরঘাট, ১১ মার্চ (হি. স.): সামাজিক দায়বদ্ধতাকে পাথেয় করে নিজেদের ৭৫ বছর পূর্তি উদযাপন করছে বালুরঘাটের নেতাজি স্পোর্টিং ক্লাব। এই বর্ষব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার ক্লাব প্রাঙ্গণে একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।
বালুরঘাটে ৭৫ বছর পূর্তি উপলক্ষে নেতাজি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির


বালুরঘাট, ১১ মার্চ (হি. স.): সামাজিক দায়বদ্ধতাকে পাথেয় করে নিজেদের ৭৫ বছর পূর্তি উদযাপন করছে বালুরঘাটের নেতাজি স্পোর্টিং ক্লাব। এই বর্ষব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার ক্লাব প্রাঙ্গণে একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। সকাল থেকেই এই শিবিরে ভিড় জমান এলাকার বহু মানুষ।

​আয়োজক ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিনের শিবিরে প্রায় দু’শো জন রোগীর চোখ পরীক্ষা করা হয়েছে। রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ দেওয়া হয় এবং যাঁদের ছানি অস্ত্রোপচারের প্রয়োজন, তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন দুস্থ রোগীকে বিনামূল্যে চশমাও বিতরণ করা হয়।

​শুধুমাত্র চিকিৎসাতেই সীমাবদ্ধ থাকেনি এই উদ্যোগ; শিবিরে আসা সাধারণ মানুষের জন্য এদিন দুপুরের খাবারের ব্যবস্থাও রাখা হয়েছিল। ‘প্রয়াস আত্রেয়ী’-র সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। ক্লাবের কর্মকর্তাদের দাবি, সমাজের সর্বস্তরের মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। স্থানীয়দের মতে, ক্লাবের এই মানবিক উদ্যোগ এলাকার বহু মানুষের জন্য বিশেষভাবে ফলপ্রসূ হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande