হরমুজ প্রণালীতে থাইল্যান্ডের পণ্যবাহী জাহাজে হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন ২৩ জন ক্রু
ব্যাঙ্কক, ১১ মার্চ (হি.স.): পশ্চিম এশিয়ায় জারি সামরিক সংঘাতের দ্বাদশ দিনে বুধবার হরমুজ প্রণালীতে থাইল্যান্ডের একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। জাহাজে থাকা ২৩ জন ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপার
হরমোজ প্রণালীতে থাইল্যান্ডের পণ্যবাহী জাহাজে হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন ২৩ জন ক্রু


ব্যাঙ্কক, ১১ মার্চ (হি.স.): পশ্চিম এশিয়ায় জারি সামরিক সংঘাতের দ্বাদশ দিনে বুধবার হরমুজ প্রণালীতে থাইল্যান্ডের একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। জাহাজে থাকা ২৩ জন ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, এদিন ওই এলাকায় থাইল্যান্ডের জাহাজটি ছাড়াও আরও দুটি বাণিজ্যিক তরণীকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

ইউকেএমটিও -র তথ্য অনুযায়ী, আক্রান্ত জাহাজগুলির মধ্যে একটি থাইল্যান্ডে নথিভুক্ত এবং অন্য দুটি ভিন্ন দেশের। গত ১২ দিন এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর কোনও হামলার ঘটনা না ঘটলেও, বুধবারের এই ধারাবাহিক হামলার পর সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। হামলার নেপথ্যে কারা রয়েছে এবং এর প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

থাইল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম এবং রয়্যাল থাই নেভির দেওয়া তথ্য অনুযায়ী, আক্রান্ত থাই জাহাজটির নাম ‘ময়ূরী নারী’ । এটি ব্যাঙ্কক ভিত্তিক সংস্থা ‘প্রেশাস শিপিং’-এর মালিকানাধীন একটি বড় বাল্ক ক্যারিয়ার। সংযুক্ত আরব আমিরশাহীর খলিফা বন্দর থেকে যাত্রা করার পর হরমোজ প্রণালী অতিক্রম করার সময় এটি আক্রান্ত হয়। হামলার পর ২০ জন ক্রু সদস্যকে নিরাপদে ওমানের খাসাবে সরিয়ে নেওয়া হয়েছে এবং বাকি ৩ জন সদস্য উদ্ধারকাজে সহায়তার জন্য জাহাজে রয়েছেন। বর্তমানে ২৩ জন সদস্যই সুরক্ষিত আছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যমের-এর রিপোর্ট অনুসারে, ওমান উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দূরে একটি পণ্যবাহী জাহাজ কোনও অজ্ঞাত বস্তুর আঘাতে অগ্নিকাণ্ডের কবলে পড়ে। তবে দ্রুত সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

অন্যদিকে, জাপান-নথিভুক্ত জাহাজ ‘ওয়ান মেজেস্টি’ , যা মিতসুই ওএসকে লাইন্সের মালিকানাধীন, সেটিও রাস আল খাইমাহ থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল দূরে কোনও বস্তুর সঙ্গে ধাক্কা লাগার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজের কাঠামোয় প্রায় ১০ সেন্টিমিটারের একটি ছিদ্র তৈরি হলেও তরণীটি নিরাপদ স্থানের দিকে এগোচ্ছে এবং এর কর্মীরা সুরক্ষিত আছেন। তৃতীয় আরেকটি জাহাজ দুবাই থেকে প্রায় ৫০ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande