
ওয়াশিংটন, ১১ মার্চ (হি.স.): ইরানের সঙ্গে চলমান সংঘর্ষের প্রথম ১০ দিনে প্রায় ১৪০ জন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। মঙ্গলবার (ভারতীয় সময় অনুসারে বুধবার ) পেন্টাগনের তরফে জানানো হয়, আহতদের মধ্যে অধিকাংশেরই আঘাত তুলনামূলকভাবে সামান্য। তাঁদের মধ্যে ১০৮ জন এরই মধ্যে পুনরায় নিজেদের দায়িত্বে ফিরে গেছেন। তবে আটজন সেনা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।
আমেরিকার একটি প্রথম সারির সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, সংঘাতের প্রথম দুই দিনেই গোলাবারুদ খাতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় ৫.৬ বিলিয়ন ডলার ব্যয় করেছে। এই ব্যয়ের হিসাব চলতি সপ্তাহে মার্কিন কংগ্রেসের কাছে উপস্থাপন করা হয়েছে। মার্কিন আধিকারিকদের দাবি, ইতিমধ্যে ইরানের ১৬টি সামরিক জাহাজ ধ্বংস করা হয়েছে। তবে এর মধ্যেই ইরান আবারও হরমুজ প্রণালীতে মাইন পেতে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন আধিকারিকরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য