
আগরতলা, ১১ মার্চ (হি.স.) : বর্ষাকালে বন্যা পরিস্থিতির সময় মৃতদেহ সৎকারে মানুষের ভোগান্তি এড়াতে আগরতলায় বটতলা মহাশ্মশানের উপরিভাগে একটি নতুন শ্মশানঘাট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে আগরতলা পুর নিগম। ইতিমধ্যে সংশ্লিষ্ট নির্মাণ কাজের জন্য ঠিকাদারি সংস্থাকে সাইট বুঝিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি শিব মন্দির সংস্কারসহ মহাশ্মশানের সামগ্রিক সৌন্দর্যায়নেরও গুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে।
বুধবার বটতলা মহাশ্মশান পরিদর্শনে গিয়ে এই তথ্য জানান আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় কর্পোরেটর জাহ্নবী দাসসহ নিগমের অন্যান্য আধিকারিকরা।
মেয়র জানান, বর্ষাকালে হাওড়া নদীর জলস্তর বেড়ে গেলে বটতলা মহাশ্মশান এলাকায় জল ঢুকে পড়ে। ফলে সেখানে থাকা গ্যাসচালিত চুল্লি বন্ধ হয়ে যায় এবং মৃতদেহ সৎকার করতে আসা মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়। এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে মহাশ্মশানের উপরিভাগে নতুন একটি শ্মশানঘাট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে এই কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ঠিকাদারি সংস্থাকে সাইট বুঝিয়ে দেওয়া হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যেই নির্মাণ কাজ শুরু হবে বলে তিনি জানান।
এছাড়াও বটতলা মহাশ্মশানকে আরও সুসংগঠিত ও সুন্দর করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। শ্মশানে সৎকারে আসা মানুষদের জন্য উপযুক্ত বসার ব্যবস্থা করা হবে। শ্মশান চত্বরে আলোকসজ্জা বাড়ানো হবে এবং দুটি ওয়াটার ফাউন্টেন স্থাপন করা হবে।
মেয়র আরও জানান, মহাশ্মশানের বহু পুরনো শিব মন্দিরটিকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অক্ষত রেখে আরও উঁচুতে স্থানান্তর করা হবে, যাতে বর্ষার সময়েও মন্দিরটি নিরাপদ থাকে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ