
আগরতলা, ১১ মার্চ (হি.স.) : রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করল এসইউসিআই(সি) পার্টি। বুধবার রাজধানী আগরতলায় বটতলা এলাকায় এই কর্মসূচির আয়োজন করে দলটি।
বিক্ষোভ কর্মসূচিতে দলের কর্মী-সমর্থকরা প্ল্যাকার্ড হাতে নিয়ে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। এদিন বিক্ষোভস্থলে বক্তব্য রাখতে গিয়ে এসইউসিআই(সি) রাজ্য সম্পাদক অরুণ ভৌমিক কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, বর্তমানে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি চললেও তার অজুহাতে দেশে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়েছে এবং অনেক জায়গায় গ্যাসের সংকটও দেখা দিয়েছে। তিনি আরও দাবি করেন, এই পরিস্থিতিতে হোটেল ও রেস্তোরাঁ ব্যবসাও চাপে পড়েছে।
অরুণ ভৌমিক অভিযোগ করেন, টিএনজিসিএল কর্তৃপক্ষও সিএনজি গ্যাসের দাম বৃদ্ধি করেছে, অথচ পশ্চিম এশিয়ায় যুদ্ধের সঙ্গে এর কোনও সরাসরি সম্পর্ক নেই। এই ধরনের সিদ্ধান্তের তীব্র ধিক্কার জানিয়ে তিনি অবিলম্বে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
পাশাপাশি গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলতে সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান এসইউসিআই(সি) রাজ্য সম্পাদক।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ