
আমবাসা (ত্রিপুরা), ১১ মার্চ (হি.স.) : ধলাই জেলার লংতরাইভ্যালী মহকুমার ছৈলেংটা–ছাওমনু বাকছড়া সড়কে বুধবার পানীয় জলের সংকটের প্রতিবাদে সড়ক অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা। পাঁচ দিন ধরে এলাকায় পানীয় জলের সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বলে অভিযোগ এলাকাবাসীর।
জানা গেছে, কয়েকদিন আগে সড়কের সংস্কার কাজ চলাকালীন অসাবধানতাবশত পানীয় জলের পাইপলাইন কেটে যায়। এরপর থেকেই সংশ্লিষ্ট এলাকায় সম্পূর্ণভাবে জল সরবরাহ বন্ধ হয়ে পড়ে। ফলে নলকূপ বা পাইপলাইন থাকা সত্ত্বেও জল না পাওয়ায় সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ, বিষয়টি নিয়ে বারবার সংশ্লিষ্ট দফতরকে জানানো হলেও পাঁচ দিন পার হয়ে গেলেও পাইপলাইন মেরামতের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে বুধবার সকালে ছৈলেংটা–ছাওমনু বাকছড়া সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী।
এলাকাবাসীর দাবি, দ্রুত পাইপলাইন মেরামত করে পানীয় জলের স্বাভাবিক সরবরাহ চালু করতে হবে। অবরোধের জেরে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ