
তারাপীঠ, ১২ মার্চ (হি. স.):- বাণিজ্যিক গ্যাসের সঙ্কটের প্রভাব এবার পড়তে শুরু করেছে বীরভূমের অন্যতম প্রধান তীর্থস্থান তারাপীঠে। গ্যাস সিলিন্ডারের জোগান কমে যাওয়ায় মা তারার ভোগ ও ভাণ্ডারার রান্না নিয়ে উদ্বেগে পড়েছেন মন্দির কর্তৃপক্ষ, ভক্ত ও রান্নার কর্মীরা।তারাপীঠ মন্দিরে প্রতিদিন হাজার হাজার ভক্তের সমাগম হয়। বিভিন্ন মানত পূরণ বা বিশেষ তিথি উপলক্ষে ভক্তরা এখানে ভোগ ও ভাণ্ডারার আয়োজন করেন। অনেক সময় ৫০০ থেকে ১০০০ বা তারও বেশি মানুষের জন্য খাবার রান্না করতে হয়। সাধারণত কাঠের জ্বালানি ব্যবহার করা হলেও দ্রুত রান্না শেষ করতে গ্যাস সিলিন্ডারেরও প্রয়োজন পড়ে। কিন্তু গত কয়েক দিন ধরে বাণিজ্যিক গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় রান্নার কাজে সমস্যা দেখা দিয়েছে।বৃহস্পতিবার মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, ভক্তরা সাধারণত দুই থেকে তিন মাস আগে থেকেই ভোগ বা ভাণ্ডারার দিন বুকিং করে রাখেন। সেই অনুযায়ী রান্নার কর্মী ও অন্যান্য প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু বর্তমানে গ্যাসের অভাবে অনেক রান্নার কর্মী বড় আকারে রান্নার দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করছেন।এর ফলে কিছু ক্ষেত্রে নির্ধারিত ভোগ বা ভাণ্ডারার আয়োজন পিছিয়ে দিতে হচ্ছে। স্থানীয়দের মতে, এই পরিস্থিতির প্রভাব পড়ছে তারাপীঠের সঙ্গে যুক্ত বহু মানুষের জীবিকার ওপরও। তাই দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়