
কোলাঘাট, ১২ মার্চ (হি. স.): বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে রূপনারায়ণ নদীর পাড় ঘেঁষে একটি পুরনো পুকুর ভরাটকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোলাঘাটের কোলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সত্যনারায়ণ মিল পাড়ায় দীর্ঘদিনের একটি পুকুর রাতের অন্ধকারে মাটি ফেলে ভরাট করা হচ্ছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জেলা শাসক, বিডিও, গ্রাম পঞ্চায়েত এবং বিএলও-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকার বাসিন্দারা।স্থানীয়দের দাবি, ৬১২ ও ৬১৮ নম্বর দাগে সরকারি নথিতে এখনও ওই জায়গাটি পুকুর হিসেবেই উল্লেখ রয়েছে। তাদের অভিযোগ, বেশি অর্থের লোভে পুকুরের মালিক প্রোমোটারের মাধ্যমে পুকুর ভরাটের কাজ করাচ্ছেন। এলাকায় একটি স্কুলও রয়েছে। ফলে পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে পুকুরটি সংরক্ষণ করা জরুরি বলে মনে করছেন বাসিন্দারা। তাদের দাবি, পুকুরটি পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক।তবে পুকুরের মালিকদের দাবি ভিন্ন। তাদের বক্তব্য, ৬১২ ও ৬১৬ নম্বর দাগে জমিটি পুকুর নয়, বরং ‘বাস্তু’ হিসেবে নথিভুক্ত রয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয়রা সেখানে আবর্জনা ফেলায় জমিটি নষ্ট হয়ে যাচ্ছিল। তাই তারা নিজেদের জমি ভরাট করছেন।ঘটনাটি ঘিরে এলাকায় রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে জেলা প্রশাসন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়