
আগরতলা, ১২ মার্চ (হি.স.) : ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে ১৪ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে অ্যানুয়াল কনফারেন্স ‘ট্রাইমাকন–২০২৬’। রাজধানী আগরতলায় আইএমএ হাউসে দু’দিনব্যাপী এই সম্মেলনে রাজ্য ও বহিঃরাজ্যের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা বিজ্ঞানের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন।
বৃহস্পতিবার আইএমএ হাউসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য শাখার সম্পাদক ডাঃ জয় চক্রবর্তী একথা জানান। তিনি বলেন, ১৪ মার্চ সকাল ৯টায় আইএমএ হাউসে কনফারেন্সের সায়েন্টিফিক সেশন শুরু হবে। এর উদ্বোধন করবেন রাজ্যের তিনটি মেডিকেল কলেজের অধ্যক্ষরা।
এছাড়া ১৪ মার্চ বিকেল ৫টায় সোনার তরী সভাগৃহে অনুষ্ঠিত হবে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। উপস্থিত থাকবেন রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গীত্যে, জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য মিশন অধিকর্তা সাজু ওয়াহিদসহ অন্যান্যরা।
সম্মেলনের সায়েন্টিফিক সেশনে চিকিৎসা বিজ্ঞানের অত্যাধুনিক বিভিন্ন বিষয় নিয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। রোবোটিক সার্জারি, এআই ও এন্ডো সার্জারি সহ আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরবেন। পাশাপাশি রাজ্যের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে পর্যবেক্ষিত রোগ যেমন ম্যালেরিয়া, টাইফয়েড প্রভৃতি বিষয়েও আলোচনা হবে।
ডাঃ জয় চক্রবর্তী আরও জানান, এই সম্মেলনের আলোচনাগুলি অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এখনও অংশগ্রহণের জন্য নাম নথিভুক্ত করেননি, তাঁদের দ্রুত নাম নথিভুক্ত করার আহ্বান জানান তিনি।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ