পিএমএফএমই প্রকল্পে ত্রিপুরার মহিলা উদ্যোক্তাদের নতুন দিগন্ত খুলবে : মন্ত্রী সান্ত্বনা
আগরতলা, ১২ মার্চ (হি.স.) : পিএমএফএমই প্রকল্পের মাধ্যমে ত্রিপুরার মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেছেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতরের মন্ত্রী সান্ত্বনা চাকমা। বৃহস্পতিবার রাজধানী আগরতলায় প্রজ্ঞা ভবনে অনুষ্
মন্ত্রী সান্ত্বনা চাকমা


আগরতলা, ১২ মার্চ (হি.স.) : পিএমএফএমই প্রকল্পের মাধ্যমে ত্রিপুরার মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেছেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতরের মন্ত্রী সান্ত্বনা চাকমা। বৃহস্পতিবার রাজধানী আগরতলায় প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত “পিএমএফএমই প্রকল্পে ত্রিপুরার মহিলা উদ্যোক্তা নীতি ২০২৫–২০৩০” শীর্ষক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে রাজ্যজুড়ে মহিলা উদ্যোক্তাদের শক্তিশালী করা এবং ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র উদ্যোগকে টেকসইভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে শিল্প ও বাণিজ্য দফতরের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দফতরের সচিব কিরণ গিত্যে, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষসহ দফতরের অন্যান্য আধিকারিকরা।

অনুষ্ঠানের উদ্বোধন করে শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, আত্মনির্ভর ভারত ও আত্মনির্ভর ত্রিপুরা গঠনের লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। সেই ধারাবাহিকতায় মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে পিএমএফএমই প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাবেন এবং অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, পিএমএফএমই প্রকল্পের মূল লক্ষ্য হল মহিলা উদ্যোক্তাদের জন্য একটি সহায়ক পরিবেশ গড়ে তোলা। এই প্রকল্পের আওতায় অর্থায়ন, বাজার সংযোগ, প্রযুক্তিগত সহায়তা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রদানের মাধ্যমে মহিলাদের উদ্যোগকে এগিয়ে নেওয়া হবে। এর ফলে মহিলারা তাঁদের জীবিকা ভিত্তিক কার্যক্রমকে ধীরে ধীরে টেকসই ও আনুষ্ঠানিক ব্যবসায়িক উদ্যোগে রূপান্তরিত করতে সক্ষম হবেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande