
শিলিগুড়ি, ১২ মার্চ (হি.স.): শিলিগুড়িতে রান্নার গ্যাসের তীব্র সংকটের কারণে হোটেল, রেস্তোরাঁ এবং ক্যাটারিং ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা গভীর সমস্যার সম্মুখীন হচ্ছেন। ব্যবসায়ীদের দাবি, পরিস্থিতি যদি আরও কয়েকদিন এইরকম থাকে, তবে অনেকেই বাধ্য হয়ে নিজেদের ব্যবসা বন্ধ করে দিতে পারেন।
শিলিগুড়ি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ জানিয়েছেন যে, শহরের হোটেলগুলি গ্যাস সংকটের কারণে নাজেহাল হচ্ছে। তাঁর মতে, বর্তমানে পর্যটনের মরশুম চলছে এবং এই সময়ে হোটেলগুলিতে পর্যটকদের সংখ্যা অনেকটাই বেড়ে যায়। কিন্তু গ্যাসের অভাবে স্বাভাবিক পরিষেবা বজায় রাখা কঠিন হয়ে পড়ছে।
তিনি আরও বলেন, বর্তমানে যেটুকু গ্যাস মজুত রয়েছে, তা দিয়ে বেশিদিন কাজ চালানো সম্ভব হবে না। যদি দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হয়, তবে বহু হোটেল বন্ধ হওয়ার উপক্রম হতে পারে। এর ফলে কেবল ব্যবসাই ক্ষতিগ্রস্ত হবে না, বরং হোটেলে কর্মরত কর্মীদের রুটিরুজির ওপরও টান পড়বে।
এই সংকটজনক পরিস্থিতির কথা মাথায় রেখে শিলিগুড়ি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন সরকারের কাছে অবিলম্বে হস্তক্ষেপ করার দাবি জানিয়েছে। তাঁদের আবেদন, গ্যাস সরবরাহের সমস্যার দ্রুত সমাধান করা হোক, যাতে ব্যবসা স্বাভাবিকভাবে চলতে পারে এবং এই পেশার সঙ্গে যুক্ত হাজার হাজার মানুষের জীবিকা সুরক্ষিত থাকে।
হিন্দুস্থান সমাচার / সোনালি