অসমে ৫২৬ কোটি টাকার জলপথ প্রকল্প এবং পাণ্ডুপোর্ট এলিভেটেড করিডোরের উদ্বোধন প্রধানমন্ত্রীর
গুয়াহাটি, ১৩ মাৰ্চ (হি.স.) : অসমে ব্রহ্মপুত্র নদকে কেন্দ্র করে সংযোগ বৃদ্ধি, ক্রুজ পর্যটন উন্নয়ন এবং লজিস্টিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ জলপথ অবকাঠামো প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শুক্ৰবার গুয়া
অসমে ৫২৬ কোটি টাকার জলপথ প্রকল্প চালু প্রধানমন্ত্রীর


গুয়াহাটি, ১৩ মাৰ্চ (হি.স.) : অসমে ব্রহ্মপুত্র নদকে কেন্দ্র করে সংযোগ বৃদ্ধি, ক্রুজ পর্যটন উন্নয়ন এবং লজিস্টিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ জলপথ অবকাঠামো প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ শুক্ৰবার গুয়াহাটিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পাণ্ডু বন্দরের সঙ্গে ২৭ নম্বর জাতীয় সড়ককে সংযুক্তকৃত একটি উড়াল সড়ক (এলিভ্যাটেড করিডর) জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। এছাড়া তিনি ক্রুজ টার্মিনাল ও একটি সামুদ্রিক দক্ষতা উন্নয়ন কেন্দ্র সহ আরও কয়েকটি প্রকল্পের সূচনা করেন। ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অব ইন্ডিয়া কর্তৃক বাস্তবায়িত এই প্রকল্পগুলোর মোট বিনিয়োগ ৫২৬ কোটি টাকা।

১৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত পাণ্ডু বন্দরের এলিভ্যাটেড করিডরটি নদীবন্দর এবং জাতীয় সড়ক নেটওয়ার্কের মধ্যে শেষ মাইল সংযোগের ঘাটতি দূর করতে তৈরি করা হয়েছে। গুয়াহাটির শহুরে যানজট এড়িয়ে এই করিডর দিয়ে পণ্য পরিবহণ দ্রুততর হবে, পরিচালন দক্ষতা বাড়বে এবং লজিস্টিক খরচ কমবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী মোদী ব্রহ্মপুত্রের ওপর অবস্থিত ২ নম্বর জাতীয় জলপথের অন্তর্গত বিশ্বনাথ ঘাট এবং নিমাতিতে আধুনিক ক্রুজ টার্মিনাল নির্মাণের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছেন। ১৫৮ কোটি টাকা বিনিয়োগে প্রস্তাবিত এই টার্মিনালগুলো ব্রহ্মপুত্র নদপথে ক্রুজ পর্যটনকে শক্তিশালী করবে এবং পর্যটকদের জন্য উন্নত যাত্রীসুবিধা প্রদান করবে।

এছাড়া প্রধানমন্ত্রী আজ ডিব্রুগড়ের বগিবিলে ১৮৮ কোটি টাকা ব্যয়ে একটি আঞ্চলিক উৎকর্ষ কেন্দ্র (রিজিওনাল সেন্টর অব এক্সিলেন্স)-এর জন্য ভূমিপূজন করেছেন। এই কেন্দ্রটি সামুদ্রিক দক্ষতা উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে কাজ করবে এবং অভ্যন্তরীণ নৌপরিবহণ, জাহাজ পরিচালনা ও সামুদ্রিক লজিস্টিক বিষয়ে প্রতি বছর ৫ হাজারেরও বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রয়েছে।

এ প্রসঙ্গে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, অসম উত্তরপূর্ব ভারতের উন্নয়নের একটি মডেল হিসেবে উঠে আসছে, যাকে ‘অষ্টলক্ষ্মী’ বলা হয়। তিনি বলেন, ‘অসম আজ আমাদের উত্তর-পূর্বাঞ্চলের নতুন ভবিষ্যতের একটি মডেল হয়ে উঠছে। এখানকার অগ্রগতি পুরো অঞ্চলের উন্নয়নে নতুন গতি এনে দিচ্ছে।’

তিনি আরও বলেন, ব্রহ্মপুত্র নদে জলপথ ও ক্রুজ পরিকাঠামোর সম্প্রসারণ পর্যটন, কর্মসংস্থান এবং স্থানীয় ব্যবসার জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে। তিনি বলেন, ক্রুজ পর্যটনের বিকাশ স্থানীয় যুবসমাজ, কারিগর, নৌকা চালক, ব্যবসায়ী এবং আতিথেয়তা খাতের সঙ্গে যুক্ত মানুষের উপকারে আসবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসমের রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য, মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা, রাজ্যের মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে অতুল বরা, কেশব মহন্ত, প্রশান্ত ফুকন, বিমল বরা ও রূপেশ গোয়ালা, প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বিভাগীয় কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল বলেন, এই প্রকল্পগুলো আধুনিক পরিকাঠামো ও উন্নত সংযোগের মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলকে রূপান্তরিত করার ক্ষেত্রে সরকারের অঙ্গীকারকে প্রতিফলিত করে। তিনি বলেন, ব্রহ্মপুত্র ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরে পরিণত হচ্ছে, যা অঞ্চলে বাণিজ্য, পর্যটন এবং জীবিকার নতুন সুযোগ সৃষ্টি করবে।

এই চারটি প্রকল্প সম্মিলিতভাবে বাণিজ্য, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক হবে এবং ব্রহ্মপুত্রের ওপর অবস্থিত ২ নম্বর জাতীয় জলপথের মাধ্যমে আঞ্চলিক ও বৈশ্বিক সংযোগ আরও শক্তিশালী করবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande