
হুগলি, ১৪ মার্চ (হি.স.): চন্দননগরের সুরের পুকুরে ছাঁট লোহার গুদামে ভয়াবহ আগুন। শুক্রবার গভীর রাতে আচমকা আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। ভয়ে আশেপাশের বাড়ির মানুষজন বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। স্থানীয়দের অভিযোগ, জনবসতি এলাকায় এই গুদামে আগেও আগুন লেগেছিল। আগুনে কেউ হতাহত হননি বলে খবর।
স্থানীয় বাসিন্দা ও দমকল সূত্রে খবর, লোহার ভাঙা জিনিসপত্র রাখা হতো ওই গুদামে। তবে কী ভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় দমকলেও। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে বলেই জানিয়েছেন দমকল কর্মীরা। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে ওই গুদামে আগেও আগুন লেগেছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ